থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক জেলার একটি জনপ্রিয় বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন মারা গেছে। সোমবার (১৩ জুলাই) মধ্যরাতের দিকে ‘রং বিয়ার না লাত ফরাও’ নামের এই বারে আগুন লেগে যায়।
এ ঘটনায় আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস জানায়, প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বারের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ১৮ জন নারী।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, অধিকাংশ ভুক্তভোগী বিষাক্ত ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে মারা গেছেন।
বারটিতে উপস্থিত এক সংগীতশিল্পী জানান, গানের অনুষ্ঠান চলার সময় মেইন সুইচে হঠাৎ আগুন লাগে এবং তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন থেকে বাঁচতে অনেকেই বারের পেছনের টয়লেটে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকেই সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়।
এছাড়া বারের জরুরি বহির্গমন পথে টেবিল ও অন্যান্য আসবাবপত্র স্তূপ করে রাখায় অনেকে বের হতে না পেরে ভেতরেই অচেতন হয়ে পড়েন।
ব্যাংককের গভর্নর চাতচার্ট সিট্টিপুন্ট জানান, বারের সিলিংয়ে থাকা দাহ্য ডেকোরেশনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয়।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ফরেনসিক কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে। সূত্র: বিবিসি
তামান্না রুপা/