হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা‘ বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে নগর পুলিশ (সিএমপি)।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগর পুলিশ জানিয়েছে, রথযাত্রা উপলক্ষে বিপুলসংখ্যক ভক্ত বা পূজারিদের সমাগমে তিনটি প্রধান রথযাত্রা অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়, শ্রী শ্রী তুলশীধামের রথযাত্রাটি নগরের তুলসীধাম থেকে শুরু হয়ে রাইফেল ক্লাব, নিউমার্কেট, কোতোয়ালি মোড়, লালদিঘী পাড়, নবগ্রহবাড়ি, বক্সীরবিট, আন্দরকিল্লা, চেরাগী পাহাড় মোড়, প্রেসক্লাব, কাজীর দেউরি, লাভলেইন মোড়, বৌদ্ধ মন্দির ও নন্দনকানন হয়ে আবার তুলসীধামে ফিরে যাবে।
অন্যদিকে নন্দনকাননের শ্রী শ্রী রাধামাধব মন্দিরের (ইসকন) রথযাত্রাটি নগরের ডিসি হিল থেকে শুরু হয়ে চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘির পাড়, কোতোয়ালি মোড়, নিউমার্কেট, আমতল, বোস ব্রাদার্স মোড় হয়ে নন্দনকানন ২নং গলির সামনে গিয়ে শেষ হবে।
অপরদিকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), প্রবর্তকের রথযাত্রাটি প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির থেকে শুরু হয়ে মিমি সুপার মার্কেট, প্রবর্তক মোড়, গোলপাহাড় মোড়, মেহেদীবাগ, চট্টেশ্বরী মোড়, কাজীর দেউরী মোড়, জামালখান মোড় (খাস্তগীর স্কুল), চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, বক্সীবিট, লালদিঘীর পাড়, কোতোয়ালি মোড়, ইউটার্ন, লালদিঘীর পেট্রোল পাম্প, সিনেমা প্যালেস, বোস ব্রাদার্স মোড় হয়ে ডিসি হিলে গিয়ে শেষ হবে।
এসব সড়কে রথযাত্রার সুষ্ঠু চলাচলের জন্য বৃহস্পতিবার বেলা ২টা থেকে নগরের বাদশা মিয়া রোডের মুখ, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোল চত্বর/রেডিসন ব্লু, নেভাল মোড়, নূর আহম্মদ সড়কের মাথা, এনায়েত বাজার মোড়, তিনপোলের মাথা, নিউ মার্কেট, আলকরণ রোডের মুখ (জিপিও),
কোতোয়ালীর মোড়, লালদীঘির উত্তর পাড়, সিনেমা প্যালেস, আন্দরকিল্লা মোড়, গুডস হিল মুখ, গনি বেকারি, সার্সন রোডের মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে যানবাহনকে বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করা হবে।
সিএমপি জানিয়েছে, রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সব প্রকার যানবাহনের চালক ও যাত্রীসাধারণসহ সংশ্লিষ্ট সবাইকে রথযাত্রা অনুষ্ঠান চলাকালীন এই এলাকার সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে সিএমপি।
রিফাত/