ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী ফাইনালের আগে ইয়ামালের বার্তা: 'নিউইয়র্ক' আমরা আসছি জনগণের নির্বাচিত সরকার তাদের পাশেই রয়েছে: ত্রাণমন্ত্রী ইংল্যান্ডের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি জনবল নেবে ব্যাংক এশিয়া, দ্রুত আবেদন করুন ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে  ৩৯১ সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী: আসক হেলথকেয়ার ডায়াগনস্টিক ইউনিট-২-এর যাত্রা শুরু ২৬ ক্রীড়া ফেডারেশনের নতুন কমিটির সুপারিশ ডব্লিউইউবি-তে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন নীল-সাদা জার্সির ভাঁজে সময় কুকুরের আতঙ্কে ইবির শিক্ষার্থীরা বহিষ্কারের মুখে আর্জেন্টিনা? ৭৮ লাখ স্বাক্ষর সংগ্রহ রাস্তা কেন ভাগাড় হবে উচ্চশিক্ষার বিতর্কে করণীয় কী বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে বরিশালে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ পরীক্ষা না আন্দোলন: সপ্তম দিনে অনুপস্থিত ২০০৫২ পরীক্ষার্থী জাতীয় পতাকা অর্ধনমিত করার নিয়ম উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করল ব্রিটিশ হাইকমিশনের মানবিক সহায়তা দল ‘ডায়াবেটিস রোগীদের চোখের সেবায় রেটিনোপ্যাথি স্ক্রিনিং সেবা চালু হচ্ছে’ ভারতীয় রুপির চাহিদা ও বাংলাদেশ-ভারত পারস্পরিক নির্ভরশীলতা একদিনে হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভ বজ্রপাতের বিশ্বকাপ শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, এবার ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা গ্রাইন্ডারে কাটা হলো দরজা, প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক লুটপাট র‌্যাংগসএক্স ও ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশে নিয়ে এল ১৮ ইলেকট্রিক কার্গো ভ্যান

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, এবার ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, এবার ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা
ছবি: খবরের কাগজ

দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনকে কেন্দ্র করে চলা আন্দোলনে নতুন মোড় এসেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাহার করে ছয় দফা দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসতে সচিবালয়ে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি হলো–

১. দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চায়, তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে।

২. যারা একই বিষয়ের পরীক্ষা পুনরায় দেবে, তাদের ক্ষেত্রে আগের ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে।

৩. প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে।

৪. চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য কিছু সময় দিয়ে এরপর পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

৫. পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনা হয়েছে, যা আগের বছরের তুলনায় শিক্ষার্থীদের কাছে অপরিচিত ছিল। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নম্বর মূল্যায়ন করতে হবে।

৬. পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা ভীত বা মানসিক চাপে না পড়ে।

বুধবার বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব ও নীলক্ষেত এলাকায় অবস্থানরত শিক্ষার্থীরা একত্রিত হয়ে সচিবালয়মুখী মিছিল বের করেন। নীলক্ষেত মোড়, রাজু ভাস্কর্য ও টিএসসি এলাকা অতিক্রম করে তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হন। মিছিলজুড়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়। পরে পরিস্থিতি বিবেচনায় আলোচনার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদলকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এসএন/

 

চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম
চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

সরকার কোনোভাবেই চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দেবে না বলে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। নাগরিকদের সব ধরনের সরকারি সেবা এক ছাতার নিচে আনতে চালু করা হবে ‘ইউনিভার্সাল কার্ড’।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বাংলাদেশকে বৈষম্যহীন, জবাবদিহিমূলক, উগ্রবাদমুক্ত ও গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলা হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার উগ্রবাদ ও চরমপন্থার বিরুদ্ধে আপসহীন অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে।

তিনি বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ। পাশাপাশি বিএনপির নির্বাচনী ৩১ দফাকে জনগণের ম্যান্ডেট উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে এটি এখন সমগ্র দেশের উন্নয়ন রূপরেখায় পরিণত হয়েছে।

কল্যাণরাষ্ট্র গঠনের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে একীভূত করে ভবিষ্যতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে নাগরিকরা একক পরিচয়ে সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অতীতের শাসনামলে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে। এই দুর্নীতির কারণেই উন্নয়ন ব্যাহত হয়েছে। দুর্নীতিকে যেকোনো উপায়ে নিয়ন্ত্রণ করতে সরকার বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী জানান, দেশের অর্থনীতিকে ঋণনির্ভরতা থেকে বের করে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি, তথ্যপ্রযুক্তি, ব্লু ইকোনমি ও পরিবেশবান্ধব খাতে বিনিয়োগের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। পাশাপাশি পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ১০ হাজার নার্সারি স্থাপন এবং আড়াই লাখ মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ শিক্ষা এবং ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ এবং পাঁচ বিভাগে পাঁচটি ২০০ শয্যার শিশু হাসপাতাল চালুর উদ্যোগের কথাও জানান তিনি।

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা নয়—ন্যায়পরায়ণতাই হবে রাজনীতির ভিত্তি।

এলিস/এএফ

জনগণের নির্বাচিত সরকার তাদের পাশেই রয়েছে: ত্রাণমন্ত্রী

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম
জনগণের নির্বাচিত সরকার তাদের পাশেই রয়েছে: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। ছবি: খবরের কাগজ

জনগণের নির্বাচিত সরকার তাদের পাশেই রয়েছে বলে করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাদুর্গতদের তাৎক্ষণিক বরাদ্দ দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এ থেকেই বুঝা যায়, জনগণ কর্তৃক নির্বাচিত সরকার জনগণের পাশেই রয়েছে। আমরা শুরু থেকে বন্যাদুর্গতদের তাৎক্ষণিক সহায়তা প্রদান করে যাচ্ছি।’

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণ শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কৃষি মন্ত্রীর সঙ্গে সার্বিক ক্ষয়ক্ষতির বিষয়ে আমি কথা বলেছি। তিনি শীঘ্রই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং কৃষকদের সার ও বীজ প্রণোদনা প্রদান করবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান পুনঃনির্মাণে দ্রুত বরাদ্দের পাশাপাশি মেরামত করা হবে। এ ছাড়াও বন্যাদুর্গতদের জন্য বরাদ্দের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ইতোমধ্যে বন্যাদুর্গতদের ত্রাণসামগ্রী সহায়তার পাশাপাশি নগদ টাকাও বিতরণ করা হয়েছে এবং শীঘ্রই ঢেউটিন প্রদান করা হবে। সর্বোপরি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল লক্ষ্য।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, নাজমুল মোস্তফা আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরিফুল ইসলাম/রিফাত/

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে  ৩৯১

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:১৮ পিএম
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে  ৩৯১
খবরের কাগজ ইনফোগ্রাফ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৬০ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, খুলনা বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে দুই জন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩৭০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ৪৬০ জন। চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে।

রিফাত/

সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী: আসক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:১২ পিএম
সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী: আসক
ছবি: সংগৃহীত

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এক বিবৃতিতে আসক বলেছে, সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন বা সহিংসতার মাধ্যমে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করার যে কোনো প্রচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের পরিপন্থী। 

বুধবার (১৫ জুলাই) আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির সাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে আসক বলেছে, গতকাল রাতে খুলনা নগরীর জাতিসংঘ শিশুপার্ক সংলগ্ন এলাকায় কয়েকজন সাংবাদিক পেশাগত দায়িত্বপালন শেষে আড্ডায় ছিলেন। এ অবস্থায় মোটরসাইকেলে আসা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। গুলির স্প্লিন্টারের আঘাতে একজন সাংবাদিক আহত হয়েছেন। ঘটনাটি সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

আসক মনে করে, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির জীবন ও নিরাপত্তার ওপর আঘাত নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপরও সরাসরি আঘাত। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে। 

আলমগীর হোসেন/এসএন

পরীক্ষা না আন্দোলন: সপ্তম দিনে অনুপস্থিত ২০০৫২ পরীক্ষার্থী

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম
পরীক্ষা না আন্দোলন: সপ্তম দিনে অনুপস্থিত ২০০৫২ পরীক্ষার্থী
ছবি: সংগৃহীত

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা ঘিরে আন্দোলন এবং বৈরী পরিস্থিতির মধ্যে সপ্তম দিনের পরীক্ষায় ২০ হাজার ৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, চলতি পরীক্ষায় এটি অন্যতম সর্বোচ্চ অনুপস্থিতির রেকর্ড।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এর আগে বৈরী আবহাওয়া, ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী। সে তুলনায় বুধবার অনুপস্থিতির সংখ্যা আরও বেড়েছে।

বুধবার (১৫ জুলাই) সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ও হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২, উচ্চতর গণিত-২ ও উচ্চতর হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।

সাধারণ শিক্ষা বোর্ডে ৪ লাখ ৫৩ হাজার ৮৩৯ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৪১ হাজার ৭৩৮ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ১০১ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬৮ হাজার ৪৬১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬৩ হাজার ৬০৬ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৮৫৫ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে ৮০ হাজার ৩০৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৭ হাজার ২০৮ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৯৬ জন।

বন্যা পরিস্থিতির মধ্যেই পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার প্রতিবাদে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব ও নীলক্ষেত এলাকা থেকে সচিবালয় অভিমুখে মিছিল বের করেন তারা।

নীলক্ষেত মোড়, রাজু ভাস্কর্য ও টিএসসি এলাকা অতিক্রম করে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হলে শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের থামিয়ে দেয়। পরে পরিস্থিতি বিবেচনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদলকে সচিবালয়ে প্রবেশ করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার সুযোগ দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত ওই কর্মসূচি ঢাকা বোর্ড, সায়েন্স ল্যাব, উত্তরা, ময়মনসিংহ, বরিশাল, বগুড়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় জাতীয় সংসদে শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এসএন/