চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা ঘিরে আন্দোলন এবং বৈরী পরিস্থিতির মধ্যে সপ্তম দিনের পরীক্ষায় ২০ হাজার ৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, চলতি পরীক্ষায় এটি অন্যতম সর্বোচ্চ অনুপস্থিতির রেকর্ড।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এর আগে বৈরী আবহাওয়া, ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী। সে তুলনায় বুধবার অনুপস্থিতির সংখ্যা আরও বেড়েছে।
বুধবার (১৫ জুলাই) সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ও হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২, উচ্চতর গণিত-২ ও উচ্চতর হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।
সাধারণ শিক্ষা বোর্ডে ৪ লাখ ৫৩ হাজার ৮৩৯ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৪১ হাজার ৭৩৮ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ১০১ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬৮ হাজার ৪৬১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬৩ হাজার ৬০৬ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৮৫৫ জন।
কারিগরি শিক্ষা বোর্ডে ৮০ হাজার ৩০৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৭ হাজার ২০৮ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৯৬ জন।
বন্যা পরিস্থিতির মধ্যেই পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার প্রতিবাদে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব ও নীলক্ষেত এলাকা থেকে সচিবালয় অভিমুখে মিছিল বের করেন তারা।
নীলক্ষেত মোড়, রাজু ভাস্কর্য ও টিএসসি এলাকা অতিক্রম করে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হলে শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের থামিয়ে দেয়। পরে পরিস্থিতি বিবেচনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদলকে সচিবালয়ে প্রবেশ করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার সুযোগ দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত ওই কর্মসূচি ঢাকা বোর্ড, সায়েন্স ল্যাব, উত্তরা, ময়মনসিংহ, বরিশাল, বগুড়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় জাতীয় সংসদে শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এসএন/