কুমিল্লায় ভারী বর্ষণের সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া কুমিল্লার সরকারি মহিলা কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০ টা থেকে বেলা একটা পর্যন্ত ৯৮৭ জন শিক্ষার্থী এ কেন্দ্রে তিনটি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে থেকেই নগরীর এ মহাবিদ্যালয়ে পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেখা গেছে। এবং পরীক্ষা শেষে সারিবদ্ধ ভাবে তারা কেন্দ্র থেকে বের হয়ে গেছেন।
এর আগে, সোমবার কুমিল্লা সরকারি মহিলা কলেজের কোমর পানি মাড়িয়ে পরীক্ষার্থীরা অংশ নেওয়ায় দেশজুড়ে আলোচনা হয়। যে কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড কেন্দ্র পরিবর্তন করে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে স্থানান্তর করে ।
অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, এই কেন্দ্রে কুমিল্লা আইডিয়াল কলেজ, কুমিল্লা কমার্স কলেজ, বামইল স্কুল অ্যান্ড কলেজ, হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজ, বিবির বাজার স্কুল অ্যান্ড কলেজের ৫৭৯ এইচএসসি পরীক্ষার্থী আগে থেকেই পরীক্ষা দিচ্ছে। নতুন করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের ৯৮৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
তিনি আরো জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কলেজের শিক্ষক এবং স্কাউট টিম বাহিরে নিরাপত্তা দায়িত্ব পালন করেছে। এছাড়াও কুমিল্লা বোর্ড, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাইফুল ইসলামের বাবা নজরুল ইসলাম বলেন, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা দেখে আমরা সন্তুষ্ট। বৈরী আবহাওয়া হলে আগে থেকেই শিক্ষার্থীদের নির্দেশনা দিলে হয়তো সোমবার হয়রানি হতে হতো না। পরীক্ষাকেন্দ্রের বাইরে আমরা পর্যাপ্ত নিরাপত্তা দেখেছি এজন্য প্রশাসনকে ধন্যবাদ ।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাড়া অন্য কোনো পরীক্ষাকেন্দ্রে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়নি। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে কুমিল্লা শিক্ষা বোর্ড আরো সতর্ক ও সচেষ্ট থাকবে ।
জহির শান্ত/এসএন