কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের মানবিক সহায়তা বিভাগের প্রধান মি. এলি মুডি-এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল।
বুধবার (১৫ জুলাই) সকালে পৌঁছে প্রতিনিধি দলটি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে।
প্রতিনিধি দলে আরও ছিলেন, কিং সালমান রিলিফের কর্মসংস্থান ও জীবিকায়ন কর্মসূচির প্রধান মি. আদেল রহমান আল-মুতাহারি, সৌদি আরব ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি সেক্রেটারি মি. করিম হাসান, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রোগ্রাম ম্যানেজার মি. মোস্তাফিজ আহমেদ।
দলটি সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর ই/০৬ ব্লকে বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) অর্থায়নে পরিচালিত Fresh Food Valley Agriculture Project পরিদর্শন করেন। এ সময় তারা আধুনিক কৃষি উৎপাদন ব্যবস্থা, সবজি চাষ, সেচ, বীজ ও সার ব্যবস্থাপনা এবং রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় প্রকল্পটির ভূমিকা সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে তারা প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। উপকারভোগীরা জানান, প্রকল্পটির মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ, আয় বৃদ্ধি, কৃষি দক্ষতা উন্নয়ন এবং স্বনির্ভরতা অর্জনে ইতিবাচক পরিবর্তন এসেছে। প্রতিনিধি দল প্রকল্প বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করে কৃষিভিত্তিক ও পুষ্টিনির্ভর কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত প্রতিনিধি দলটি ক্যাম্প-২০ (বর্ধিত)-এর S2B2 ব্লকে UKaid-এর অর্থায়নে WFP পরিচালিত Community Aqua Culture প্রকল্প পরিদর্শন করেন। সেখানে মাছ চাষ, সবজি উৎপাদন ও পোলট্রি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন এবং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরে দুপুর ১টা ২৫ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত তারা ক্যাম্প-২০ (বর্ধিত)-এর S3B1 ব্লকে IOM-এর অর্থায়নে কারিতাস বাংলাদেশ পরিচালিত Decentralized Wastewater Treatment System পরিদর্শন করেন। এ সময় প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
দুপুর ২টা ৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত প্রতিনিধি দলটি ক্যাম্প-৪ (বর্ধিত)-এর সিআইসি অফিসসংলগ্ন দরবার হলে সৌদি বাদশাহ কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে আইএসডিই (ISDE), বাংলাদেশ কর্তৃক এক হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে চাল, ডাল, আটা, তেল, চিনি ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দলটি দুপুর ২টা ৫০ মিনিটে রোহিঙ্গা ক্যাম্প এলাকা ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।
সোহাগ/নাঈম