মাঠের লড়াইয়ের চেয়েও যেন বেশি কিছু! ফুটবল ইতিহাসের চিরপ্রতিদ্বন্দ্বিতার দ্বৈরথ নিয়ে আবারও মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। বিশ্বকাপ সেমিফাইনালের এই মহারণকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে বইছে টানটান উত্তেজনা। অতীতের অম্লমধুর স্মৃতি আর মাঠের বাইরের রাজনৈতিক বৈরিতা ছাপিয়ে মাঠের ফুটবলকেই এবার প্রাধান্য দিচ্ছে থ্রি-লায়ন্সরা।
ইংল্যান্ড ও আর্জেন্টিনার লড়াই বরাবরই ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত দ্বৈরথ। ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল কিংবা ১৯৯৮ সালে ডেভিড বেকহ্যামের লাল কার্ড-দুই দেশের লড়াইয়ে এমন বহু বিতর্কিত মুহূর্ত ইতিহাসের অংশ হয়ে আছে। এছাড়া ১৯৮২ সালের ফকল্যান্ডস যুদ্ধের কারণে দুই দেশের রাজনৈতিক সম্পর্কও দীর্ঘদিন ধরে আলোচনার বিষয়।
তবে এসব প্রসঙ্গকে মাঠের বাইরে রাখতে চান ইংল্যান্ডের ডিফেন্ডার এজরিল কনসা। তিনি বলেন, ‘আমাদের শুধু নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে। অতীতের ইতিহাস নিয়ে বাড়তি আবেগ বা উত্তেজনায় ভেসে গেলে চলবে না। মাঠে নেমে নিজেদের সেরাটা খেলাই আমাদের লক্ষ্য।’
কোচ টমাস টুখেলকে ঘিরে হওয়া সমালোচনা নিয়ে তিনি বলেন, ‘আমাদের দল ঐক্যবদ্ধ। টুর্নামেন্টে মানসিক দৃঢ়তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাঠের বাইরের আলোচনা থাকবে, কিন্তু সেগুলো সামাল দেওয়ার অভিজ্ঞতা আমাদের আছে।’
আজকের ম্যাচে যদি ইংল্যান্ড আর্জেন্টিনাকে হারাতে পারে, তবে ১৯৬৬ সালের পর ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠবে তারা।
পাপ্পু/অন্তরা