চট্টগ্রামের বাঁশখালীতে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার খানখানাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপির উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে তা দুস্থ ও বন্যাদুর্গত মানুষের মাঝে সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সরকারের পাশাপাশি জাগরণী চক্র ফাউন্ডেশনের মতো বেসরকারি উন্নয়ন সংস্থার এই সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সরকারকে সহযোগিতা করায় আমি সংস্থাটির প্রতি গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
জাগরণী চক্র ফাউন্ডেশনের ডিরেক্টর (মাইক্রোফাইন্যান্স) মো. আজিজুল হক বলেন, ‘মানুষের যেকোনো দুর্যোগে পাশে থাকাই জাগরণী চক্র ফাউন্ডেশনের মূল অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, মানবিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি উন্নয়ন সংস্থা তার প্রকৃত ভূমিকা পালন করতে পারে।’
তিনি আরও জানান, চলমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত জাগরণী চক্র ফাউন্ডেশন দীর্ঘ পাঁচ দশক ধরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। বর্তমানে সংস্থাটি দেশের ৫৭টি জেলায় প্রায় সাত লক্ষাধিক ক্ষুদ্রঋণ সুবিধাভোগীর সঙ্গে সম্পৃক্ত রয়েছে। আর্থিক সহায়তার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, স্বাস্থ্য, জীবিকায়ন, নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করছে এই সংস্থাটি।
জাগরণী চক্র ফাউন্ডেশনের ডাইরেক্টর আজিজুল হকের নেতৃত্বে সংস্থার একটি প্রতিনিধিদল এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন, খানখানাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার প্রমুখ।
শফকত/এএফ