চার বছর আগে ফেসবুকে পরিচয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। দুই দেশের দূরত্ব, ভিন্ন সংস্কৃতি কিংবা সীমান্ত কোনো কিছুই থামাতে পারেনি তাদের ভালোবাসাকে। অবশেষে প্রেমিকার হাত ধরতে পাকিস্তানের লাহোর থেকে সরাসরি শরীয়তপুরের জাজিরায় উড়ে এসেছেন ২৬ বছর বয়সী মোজাম্মেল হোসাইন। আর ভালোবাসার সেই গল্প পূর্ণতা পেয়েছে বিয়ের মাধ্যমে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ফেসবুকে পরিচয় হয় লাহোরের বাসিন্দা উর্দুভাষী মোজাম্মেল হোসাইনের সাথে জাজিরার বিলাসপুরের মজিবর শিকদারের একমাত্র মেয়ে তানজিলার। নিয়মিত চ্যাটিং আর ভিডিও কলের মাধ্যমেই তৈরি হয় গভীর ভালোবাসার সম্পর্ক। সেই সম্পর্কের টানেই গত শনিবার লাহোর থেকে সরাসরি জাজিরার বিলাসপুরের রহিম উদ্দিন মালাই মৃধাকান্দি এলাকার প্রেমিকার বাড়িতে এসে হাজির হন মোজাম্মেল। এরপর মঙ্গলবার তাদের পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
তানজিলা বলেন, প্রায় চার বছর আগে ফেসবুকে আমাদের পরিচয় হয়। পরে নিয়মিত কথা বলার পর ভালোলাগা থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ প্রতীক্ষার পর সেই সম্পর্ককে বাস্তব রূপ দিতেই লাহোর থেকে সরাসরি জাজিরায় ছুটে আসেন মোজাম্মেল। পরিবারের সম্মতিতে স্থানীয় ইমামের মাধ্যমে শরীয়াহ অনুযায়ী আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। আমি আমার স্বামীর সাথে পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।
তানজিলার মা আসমা আক্তার বলেন, ছেলের পরিবারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। এতো দূরে মেয়েকে বিয়ে দিতে কিছুটা খারাপ লাগলেও আমাদের মনে কোনো ভয় বা শঙ্কা নেই।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, আমরা এই বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নই। অতি দ্রুত খোঁজ খবর নিয়ে দেখবো।
বিধান মজুমদার অনি/এসএন