টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও তিনটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ডাকাত দেলোয়ার হোছাইনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ২৪ নম্বর লেদা ক্যাম্পের এ/১৪ ব্লক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দেলোয়ার হোছাইন একটি লেদা রোহিঙ্গা ক্যাম্পে দোকানে অবস্থান করছে।
সংবাদ পাওয়ার পর লেদা এপিবিএন ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. মফিজুর রহমানের নির্দেশে এসআই (নিরস্ত্র) শ্রী সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযান চলাকালে দেলোয়ার হোছাইন দৌড়ে পালানোর চেষ্টা করলে অভিযানে অংশ নেওয়া সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। পরে তাকে এপিবিএন ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোছাইনের বিরুদ্ধে টেকনাফ থানায় মোট সাতটি নিয়মিত মামলা এবং তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা চেষ্টা, সরকারি কাজে বাধা, অপহরণ, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন, জোরপূর্বক আটকে রাখা, ভয়ভীতি প্রদর্শনসহ দণ্ডবিধি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
এপিবিএনের তথ্যমতে, দেলোয়ার হোছাইনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর লেদা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ড, অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি এবং জোরপূর্বক ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শাহীন/তামান্না রুপা/