ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
সমালোচকদের উদ্দেশ্যে যা বললেন মেসি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হাসপাতাল-সেনা ব্যারাক ক্ষতিগ্রস্ত দেশের ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা ও ইনসাফভিত্তিক দেশ গঠনের আহ্বান রাষ্ট্রপতির পাবলিক পরীক্ষা শুষ্ক মৌসুমে নেওয়া উচিত গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে ছাড়িয়ে এগিয়ে মেসি ইংল্যান্ডের বিপক্ষে জয়ে পর যা বললেন মেসি ইরান ইস্যুতে প্রতিরক্ষা বিল আটকালেন ডেমোক্র্যাটরা চাপের মুখেই আর্জেন্টিনা নিজেদের সেরা ফুটবল খেলে: স্কালোনি মেট্রোরেলের ৭৩০ বিয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ, পিয়ার হেডে ফাটল ইরান যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প প্রকল্প ব্যয় সাড়ে ১৬ বছরে বরাদ্দের ৫৬ শতাংশ খরচ আবু সাঈদ হত্যার রায়: ৫ যুক্তিতে খালাস চেয়ে ৪ আসামির আপিল আজ মিঠামইনে বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা ৮৫ ফুটের মেসি এই আন্দোলন শতভাগ প্রশাসনিক ব্যর্থতা মেজাজ হারিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়কে চড় দিলেন বেলিংহাম করোনাকাল ও কোচিং সেন্টার দায়ী থাকতে পারে আল-আরাফাহ ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন বাংলাদেশ রেলওয়ের ১ কোটি টাকার যন্ত্রাংশ কিনতে ব্যয় হয় ৮ কোটি, লোপাট ৭ কোটি টাকা শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কে ছিদ্র রয়ে গেছে পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সাজেক ২৬ বছরেও সাংবাদিক শামছুর রহমান হত্যার বিচার হয়নি ব্যবস্থাপনার সংকটে ডুবছে ঢাকা কু‌ড়িগ্রামে দুই সপ্তাহে তিস্তার পেটে ২৫ ঘর সাতকানিয়ায় সাঙ্গু নদীতে অন্ধকার নামলে শুরু হয় বালু লুট রায় কার্যকর না হওয়ায় পরিবারের ক্ষোভ বাইক্কা বিলের হলুদ মোমলেজি ঈশ্বরগঞ্জে পুরোনো কৃষিযন্ত্রের হাট ব্যাপক দুর্নীতি: প্রশ্নের মুখে ইউনূস সরকার

মিঠামইনে বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:১৫ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম
মিঠামইনে বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা
জাহিদুল আলম জাহাঙ্গীর

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) অ্যাডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে কামালপুর বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে হামলার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিঠামইন বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজ বাগানবাড়ির সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় সঙ্গে থাকা আরও একজনকে কুপিয়ে আহত করা হয়। ঘটনার সময় জাহাঙ্গীরের বাগানবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আউয়াল বলেন, 'দূর্বৃত্তরা রাতের আঁধারে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর ভাইকে হত্যা করেছে। এই ঘটনা অত্যন্ত নিখুঁত পরিকল্পিত। জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।'

ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং পলাতক হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হামলার কারণ উদঘাটনেও তদন্ত চলছে।'

তাসলিমা আক্তার মিতু/তামান্না রুপা/

গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৩ এএম
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মিছিল করার সময় বিএনপির দুই নেতাকে মারধর এবং তাদের মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ১০৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ১৮জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৫ জুলাই) বিকেলে মারধরের শিকার হয়ে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলাটি করেন।

এদিকে, গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা-কর্মীদের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন কোর্ট ইন্সেপেক্টর বিধান কুমার চন্দ্র।

গ্রেপ্তার নেতা-কর্মীদের আজ বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। প্রিজন ভ্যানে আদালতে হাজির করার সময় গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু", "আমরা সবাই মুজিব সেনা, নেত্রী মোদের শেখ হাসিনা" এবং "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে"সহ বিভিন্ন স্লোগান দেন।

পুরো ঘটনার ছবি তুলতে ও ভিডিও করতে গেলে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সেপেক্টর বিধান কুমার চন্দ্র সাংবাদিকদের বাধা দেন। এ সময় সাংবাদিকরা তাদের পরিচয় দিলেও তিনি ক্যামেরায় হাত দিয়ে ভিডিও করতে বাধা দেন। পরে তাকে ভিডিও করতে বাধা দিলেন কেন? এমন প্রশ্ন করা হলে সেখান থেকে তিনি সরে যান। এ ঘটনায় গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে শতাধিক নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়কের তিলছড়া এলাকায় অবস্থানরত রাতইল ইউনিয়ন বিএনপির দুই নেতাকে মারধর করেন এবং তাদের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়ে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যায়। এ ঘটনায় মামলায় ১০৬ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাফিছুর রহমান বলেন, বিএনপির দুই নেতাকে মারধর, তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সড়কে বিক্ষোভ করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকী দোষীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

বাদল সাহা/নাঈম

সালথা ছাত্রদলের কমিটিতে ৪ বিবাহিত নেতা, কারও রয়েছে সন্তানও

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম
সালথা ছাত্রদলের কমিটিতে ৪ বিবাহিত নেতা, কারও রয়েছে সন্তানও
ছবি: এ আই

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের সদ্য ঘোষিত ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির চারজন নেতা বিবাহিত বলে জানা গেছে। তাদের মধ্যে দুই জনের রয়েছে সন্তানও।

গত ২২ জুন ফরিদপুর জেলা সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রেজাউল ইসলামকে(রাজ) সভাপতি ও সোহেল মাতুব্বরকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির মধ্যে সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিব, সহ-সভাপতি মো. রাজীব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হোসেন বিবাহিত।

খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরের গ্রামের বাড়ি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপট্টি গ্রামে। তিনি ২০২১ সালের ১ ডিসেম্বর প্রেমের সম্পর্কের পর ফরিদপুরের মধুখালী উপজেলার বেলেশ্বর রামকান্তপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে সুরাইয়া সুলতানাকে বিয়ে করেন। পরবর্তীতে দাম্পত্য জীবনে বিরোধের জেরে দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং বর্তমানে তিনি পুনরায় বিয়ে করে সংসার করছেন বলে স্থানীয় সূত্র জানায়।

সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিব চার বছর আগে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের এক নারীকে সামাজিকভাবে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। একইভাবে সহ-সভাপতি মো. রাজীব হোসেনও উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে সামাজিক রীতিনীতি অনুসারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার করছেন বলে জানা গেছে। এছাড়াও সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হোসেন ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর পারিবারিক ও সামাজিকভাবে ফরিদপুর সদর উপজেলার হাটগোবিন্দপুর গ্রামের ওবায়দুর মৃধার মেয়ে আবিদাকে বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর বলেন, বিবাহিতদের নিয়ে কমিটি গঠন একটা সময় ঝামেলা ছিল কিন্তু এখন বিবাহিতদের নিয়ে কোন ক্রাইটেরিয়া নাই। তাছাড়া আমাদের এই কমিটির কথা ফরিদপুর সদরের নেতৃবৃন্দসহ সেন্ট্রালের সবাই অবগত আছেন। এতে কোন সমস্যা নাই।

সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিবের মোবাইলে কল করা হলে তিনি প্রতিবেদকের পরিচয় পেয়ে কল কেটে দেন। পরে আবারও কল করা হলে তিনি বলেন, আপনি কোথায় আছেন। পারলে সরাসরি দেখা করেন। তিনি মোবাইলে বক্তব্য দিতে রাজি হননি। 

সহ-সভাপতি মো. রাজীব হোসেন বলেন, বিয়ে ঠিকঠাক হয়ে আছে। কমিটির কারণে এখনো বাড়িতে আনুষ্ঠানিকভাবে তুলে আনা হয়নি।

এ ব্যাপারে নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হোসেনের মোবাইলে কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তানভীর হোসেনের মা আফরোজা বেগম মোবাইল রিসিভ করে জানান,এটা তানভিরের আব্বুর মোবাইল নাম্বার। তানভীর বিবাহিত। তার একটি ছেলে সন্তান রয়েছে। তারা আমাদের বাড়িতেই থাকে। 

এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের মোবাইলে কল করেও পাওয়া যায়নি। তিনি মোবাইল নাম্বার রিসিভ করেননি।

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর মোবাইলে কল করা হলে নাম্বারটি রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি। 

এ বিষয়ে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, কমিটির বিষয়ে আমি কিছু জানতাম না। তবে কমিটিতে যোগ্য প্রার্থীদের এড়িয়ে নতুন অচেনা ছেলেদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি ঘোষণা হওয়ার পর জানতে পারি উক্ত কমিটিতে ৪ জন বিবাহিত রয়েছে। এদের মধ্যে ২ জনের সন্তানও রয়েছে।

এন কে বি নয়ন/এসএন

রংপুরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ, তারপর...

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৩ এএম
রংপুরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ, তারপর...
ছবি: খবরের কাগজ

এইচএসসি পরীক্ষা গ্রহণকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও শিক্ষার্থীদের সঙ্গে আসৌজন্যমূলক আচরণের অভিযোগে রংপুর মহানগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বিকালে সাড়ে পাঁচটার দিকে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা অভিযোগটি দেন। অভিযোগপত্রে স্বাক্ষর করেন জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের যুগ্ম সদস্য সচিব মাহদী হাসান অনিক।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই জাতীয় সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শিক্ষামন্ত্রীসহ অজ্ঞাত ব্যক্তিদের নির্দেশে পুলিশ হামলা চালায় এবং আন্দোলনকারীদের গালিগালাজ করে। এতে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে নতুন কারিকুলাম ও সাম্প্রতিক শিক্ষাসংক্রান্ত সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের ক্ষতি সাধন হয়েছে বলেও অভিযোগ উল্লেখ করা হয়।

এর আগে দুপুরে এসএসসি পরীক্ষা শেষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা তিনটার দিকে শিক্ষার্থীরা মহানগর কোতোয়ালি থানার সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন এবং হামলার ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

এ সময় ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব ও রংপুর ক্যান্ট পাবলিকের শিক্ষার্থী মাহদী হাসান অনিক বলেন, ঢাকায় সংসদ ভবনের সামনে আমাদের অনেক শিক্ষার্থীর ওপর পুলিশি হামলা চালানো হয়েছে। আমরা চেয়েছিলাম টাউন হল থেকে প্রোগ্রামটা থানা অবধি আসবো। আসার পরে মামলার বিষয়ে কথা বলব। যেহেতু দেশে আইন আছে তাই আমরা জনদুর্ভোগ এড়াতে আইনের মাধ্যমে বিষয়গুলো সমাধান করতে চাচ্ছিলাম। থানায় কথা বলছি তারা আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের বিষয়ে সরকারের সঙ্গে কথা বলে দেখবেন। প্রথমত আমরা মামলা দিলাম না। অভিযোগ আকারে দাখিল করলাম। তিনি আমাদের সঙ্গে আবারও বসতে চেয়েছেন।

মাহদী বলেন, ঢাকার শিক্ষার্থীরা যেভাবে প্রোগ্রাম আগাবে আমরা সেভাবে প্রোগ্রাম এগিয়ে নেব। কোনো রাজনৈতিক দল আমাদের সঙ্গে থাকবে না।

আরেক শিক্ষার্থী বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে আমরা অভিযোগ দিয়েছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, শিক্ষার্থীরা থানায় এসেছিল, আমাদের সঙ্গে কথা বলেছে। পরে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে শুনেছি।

এর আগে গতকাল মঙ্গলবার বৃষ্টি, জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুলের অভিযোগে রংপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বুধবার সেই আন্দোলনের ধারাবাহিকতায় তারা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।

সেলিম/নাঈম

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:২১ পিএম
চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে গতি ফেরাতে বিএনপি নেতৃত্বধীন সরকারের চারজন মন্ত্রীকে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোকে আরও কার্যকর ও গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনা প্রয়োজন।

সম্প্রতি দেশের বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে তারা শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং পদত্যাগের দাবি জানান। এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এনসিপির নাসীরুদ্দীনসহ একাধিক নেতা।

রাজু/রিফাত/

জুলাই আন্দোলন এখনো অসমাপ্ত, নতুন গণআন্দোলনের ইঙ্গিত জিএম কাদেরের

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম
জুলাই আন্দোলন এখনো অসমাপ্ত, নতুন গণআন্দোলনের ইঙ্গিত জিএম কাদেরের
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলন পরিপূর্ণ গণঅভ্যুত্থান ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় বৈষম্য এখনো দূর হয়নি এবং আন্দোলনের আকাঙ্ক্ষাও বাস্তবায়িত হয়নি। তাই ন্যায় ও নিরাপত্তাভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন একটি গণআন্দোলনের প্রয়োজন রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রংপুর নগরীর পল্লী নিবাসে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন,অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি ও জামায়াতের সঙ্গে মিলে মিশে একতরফা একটি নির্বাচন উপহার দিয়েছে, যা অবাধ ও নিরপেক্ষ নয়। ফলে দেশে এখনো মবের মাধ্যমে বিরোধী মতের মানুষের ওপর অত্যাচার-অনাচার চলছে।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ও বিরোধী দল জাতীয় পার্টিকে কোণঠাসা করতে নানামুখী ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সারাদেশে দলকে আরও সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে জিএম কাদের বলেন, বর্তমান সরকার তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করবে বলছেন কিন্তু আমার সন্দেহ হচ্ছে তারা বাস্তবায়ন করতে পারবে না। কারণ আন্তর্জাতিকভাবে তাদের এসব বিষয়ে গ্রহণযোগ্যতা কম। তাই  আগামীতে জাতীয় পার্টির মাধ্যমেই উত্তরাঞ্চলের মানুষের আকাঙ্ক্ষার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।

বন্যা পরিস্থিতি নিয়ে জিএম কাদের বলেন, বন্যায় অনেক মানুষের মৃত্যু হলেও তা প্রচার হয়নি। বরং ত্রাণ বিতরণের নামে শুধু ফটোসেশন হয়েছে। অনেক মানুষ কষ্টে থাকলেও তাদের দুর্ভোগ লাঘবে সরকারের ভূমিকা নগণ্য। বলেন, ১৯৮৮ সালের বন্যায় এরশাদ সরকারের ভূমিকা থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। কারণ বন্যা নিয়ন্ত্রণসহ দেশের কর্মসংস্থান উন্নয়নের রূপকার ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

সভায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ঐকমত্য কমিশনের প্রতিবেদন এখন "বঙ্গোপসাগরের তলানিতে নিমজ্জিত হয়েছে"। তিনি বর্তমান সংসদকে একমুখী বলে সমালোচনা করে বলেন, তিনটি দল নিজেদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে দেশ পরিচালনা করছে। যাদের ভেতরে এক বাহিরে আরেক রূপ।

রংপুরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রংপুরের মানুষ এখন ভালো নেই তারা বৈষম্যের শিকার। প্রকৃত অর্থে বৈষম্য দূর করেছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তাই তাঁর আদর্শ ধারণ করে মাঠে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

শোকসভায় এরশাদের স্মৃতিচারণ করে আরও বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সেলিম সরকার/এসএন