প্রযুক্তি ও গাড়ি শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করল জাপানি অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সম্প্রতি অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২৫-এ প্রতিষ্ঠানটি তাদের নতুন ‘হোন্ডা জিরো’ সিরিজের দুটি আকর্ষণীয় প্রোটোটাইপ উন্মোচন করেছে। এগুলো হলো ‘হোন্ডা জিরো সেলুন’ ও ‘হোন্ডা জিরো এসইউভি’। এ দুটি মডেল ২০২৬ সালে বিশ্ববাজারে আসবে।
এই গাড়িগুলোতে হোন্ডার উদ্ভাবনী প্রযুক্তি ‘আসিমো ওএস (ASIMO OS)’ ব্যবহার করা হয়েছে, যা এই নতুন প্রজন্মের গাড়িগুলোর চালিকাশক্তি। হোন্ডার বিখ্যাত হিউম্যানয়েড রোবট ‘আসিমো’ নামে এই অপারেটিং সিস্টেমের নামকরণ করা হয়েছে।
এই সিরিজের প্রধান আকর্ষণ হোন্ডা জিরো স্যালুন। স্পোর্টি ডিজাইনের এই মডেলের রয়েছে প্রশস্ত ইন্টেরিয়র। হোন্ডার ডেডিকেটেড ইভি প্ল্যাটফর্মে তৈরি এই গাড়ি লেভেল থ্রি অটোমেটেড ড্রাইভিং ফিচারসহ ‘আইজ-অফ’ (eyes-off)’ প্রযুক্তি রয়েছে। এর ফলে ড্রাইভিং হবে আরও নিরাপদ। আসিমো ওএস এবং উন্নত স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি ব্যবহারকারীদের পার্সোনালাইজড ড্রাইভিংয়ের অভিজ্ঞতা দেবে।
অন্যদিকে, হোন্ডা জিরো এসইউভি ‘স্পেস-হাব’ ধারণা থেকে অনুপ্রাণিত। এসইউভিকে ব্যবহারকারীদের জন্য একটি নমনীয় স্থান হিসেবে নতুন করে কল্পনা করা হয়েছে এই মডেলে। প্রশস্ত কেবিন, চমৎকার দৃশ্যমানতা ও ব্যবহারযোগ্যতার ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। রোবোটিক্স থেকে অনুপ্রাণিত নিয়ন্ত্রণ ব্যবস্থা এই এসইউভিকে দেবে আরও উন্নত স্থিতিশীলতা।
হোন্ডা জিরো সেলুন গত বছর একই আয়োজনে প্রকাশ করা একটি কনসেপ্ট কারের হালনাগাদ সংস্করণ। উভয় মডেলকেই প্রোটোটাইপ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এর অর্থ গ্রাহকের হাতে পৌঁছাতে পৌঁছাতে কিছু পরিবর্তন আসতে পারে।
উভয় মডেলে ব্যবহৃত আসিমো ওএস উন্নত বুদ্ধিমত্তার মাধ্যমে স্বয়ংক্রিয় ড্রাইভিং, ইনফোটেইনমেন্ট ও অন্যান্য সিস্টেমকে সমন্বয় করবে। ওভার দ্য এয়ার আপডেটের মাধ্যমে ডিজিটাল অভিজ্ঞতা, ডায়নামিক ড্রাইভিং ও পারসোনালাইজড পরিষেবাগুলোর মতো সুবিধা আরও উন্নত করা যাবে।
স্বয়ংক্রিয় ড্রাইভিংয়ের জন্য হোন্ডার ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে লেভেল ৩ প্রযুক্তির আরও উন্নতি ও আনসুপারভাইজড লার্নিং ও বিহেভিয়ারে মডেলিংয়ের মতো এআই প্রযুক্তির ব্যবহার। এর মাধ্যমে সুরক্ষা ও ড্রাইভার সহায়তা আরও বাড়বে এবং সব পরিস্থিতিতে ‘আইজ অফ’ ড্রাইভিং সম্ভব হবে।
গাড়ির পাশাপাশি হোন্ডা এনার্জি সার্ভিস উন্নয়নে কাজ করছে। এর মধ্যে রয়েছে ইভি চার্জিং নেটওয়ার্কের সম্প্রসারণ ও স্মার্ট হোম এনার্জি সলিউশন। হোন্ডা জিরো সিরিজের গাড়িগুলো ভার্চুয়াল পাওয়ার প্লান্ট হিসেবে কাজ করবে। হোন্ডা জিরো সিরিজের গাড়িগুলো ভার্চুয়াল পাওয়ার প্লান্ট হিসেবে কাজ করবে। এগুলো ঘরোয়া বিদ্যুৎ ব্যবস্থাকে কার্যকর করার পাশাপাশি গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। উত্তর আমেরিকায় ২০২৬ সালে এই সিরিজের উৎপাদন শুরু হবে এবং পরে জাপান ও ইউরোপেও এটি পাওয়া যাবে।