রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান ‘১০ম ঢাকা বাইক শো ২০২৬’-এ নতুন মোটরসাইকেল ও ইলেকট্রিক বাইক উন্মোচন করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড সিএফএমওটিও। শুক্রবার (২৪ এপ্রিল) এক অনুষ্ঠানের মাধ্যমে প্রিমিয়াম ই-বাইক ব্র্যান্ড ‘জিহো’ এবং ব্র্যান্ডটির নতুন মোটরসাইকেল লাইনআপ দেশের বাজারে পরিচয় করিয়ে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানবীর এবং সিইও রেজাউল কারিম সুমন। এ ছাড়া সিএফএমওটোর গ্লোবাল ও বাংলাদেশ টিমের সদস্যসহ বাইকিং কমিউনিটির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
সিএফএমওটো তাদের শক্তিশালী পোর্টফোলিওতে যুক্ত করেছে ৩০০এসআর, ২৫০এসআর, ২৫০এনকে, ৩০০এনকে, ২৫০সিএলসি ও ১৫০এসসি মডেলের বাইক। এ ছাড়া বাংলাদেশের বাজারের জন্য নতুন করে ২৩০ ডুয়াল, ১৫০ অরা ও ২৫০ ডুয়াল মডেলগুলো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল জিহো ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার। বিশেষ করে এর প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেল ‘এই-৭ প্রো’ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। আকর্ষণীয় ডিজাইন ও উন্নত প্রযুক্তির এই ই-বাইকটি পরিবেশবান্ধব যাতায়াতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন বলেন, ‘এই উন্মোচন বাংলাদেশের যাতায়াত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা উন্নত ইলেকট্রিক প্রযুক্তি এবং উচ্চ সক্ষমতার মোটরসাইকেলকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছি। আরোহীদের চাহিদা পূরণে আমরা উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করে যাব।’
সিএফএমওটো বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে তারা দেশজুড়ে ডিলার নেটওয়ার্ক শক্তিশালী করার পাশাপাশি জিহো ব্র্যান্ডের মাধ্যমে টেকসই ইলেকট্রিক যানবাহনের (ইভি) ব্যবহার বাড়াতে ও গ্রাহকের আস্থা অর্জনে কাজ করবে। তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।