বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইরান মিয়া ও হাসিবুর রহমান হাসিব এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসির মুক্তমঞ্চে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ইরান মিয়া বলেন, ‘সন্ত্রাস-সহিংসতার সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা এ ধরনের কর্মকাণ্ডকে ঘৃণা করি এবং আমরা কারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হতে চাই না।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের ভেতর তৃতীয় একটি পক্ষ ঢুকে দেশজুড়ে জ্বালাও-পোড়াও, হত্যাযজ্ঞ, সন্ত্রাস, লুটতরাজ ও অগ্নিসন্ত্রাস চালিয়েছে।’ তিনি এর বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক হাসিবুর রহমান হাসিব বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কোনো একটি পক্ষ রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রক্তের বিনিময়ে দাবি আদায়ে রাজপথে নামেনি।’
তিনি আরও বলেন, ‘কোনো সাধারণ শিক্ষার্থী এ ধরনের হত্যাযজ্ঞ, লুটপাট, হামলা ও সহিংসতা চালাতে পারে না।’ তদন্ত করে দায়ীদের বিচার দাবি করেছেন এই সমন্বয়ক।
শনিবারের সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি পূরণ করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, সেটিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সমন্বয়করা।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত সমন্বয়কের মধ্যে পাঁচজন উপস্থিত থাকলেও সবাই এই ঘোষণার সঙ্গে একমত বলে দাবি করা হয়।
কামরুজ্জামান মিন্টু/সাদিয়া নাহার/অমিয়/