শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গবেষণা ও উদ্ভাবনের ওপর ১২তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের সভাপতিত্বে রিসার্স সেন্টারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারপ্রধানের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।
গবেষণায় বিশেষ অবদানের জন্য 'ভাইস চ্যান্সলর অ্যাওয়ার্ড-২০২৪' পেয়েছেন পাঁচ গবেষক। ভাইস চ্যান্সলর অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খাঁন, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরফিন খান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জিএম নূরনবী আজাদ জুয়েল ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তারিক আজিজ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিশেষ সহকারী অধ্যাপক ড. আমিনুল ইসলাম বলেন, ‘আপনাদের এখানে অনেক উচ্চমানের গবেষক রয়েছেন। আপনারা এমনভাবে কাজ করবেন যাতে গবেষণায় এই বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। বিশেষ করে আপনারা সিলেটের হাওর অঞ্চল মানুষের সমস্যা এবং এর সমাধান নিয়ে গবেষণা করবেন। এমনকি সিলেটের চা নিয়েও আপনারা গবেষণা করতে পারেন।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন প্রমুখ।
ইসফাক আলী/সুমন/