মে মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের টাইম ফ্রেম এবং জুনের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদ। অন্যথায় শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে যে টাইমলাইনে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, মে মাসের প্রথমে নির্বাচন কমিশন গঠন এবং মাঝামাঝি ভোটার তালিকা হালনাগাদ করা হবে কিন্তু কবে ডাকসু নির্বাচন হবে এ নিয়ে কিছু বলা হয়নি। এটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংশয়, শঙ্কা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অতীতে আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলে, পরবর্তী সময়ে একটি পর্যায়ে বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিল করতে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, ৫ আগস্ট পরবর্তী যে কমিটমেন্ট সেই জায়গা থেকে কোনো অদৃশ্য শক্তিকে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।’
ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের দাবি জানিয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘এখন এপ্রিল চলছে, আগামী মে মাসের মধ্যে ডাকসু নির্বাচনের মধ্যে টাইম ফ্রেম ঘোষণা করতে হবে এবং জুনের ভেতরে, কুরবানি ঈদের আগেই বিশ্ববিদ্যালয়ের একটি গ্রহণযোগ্য-প্রতিযোগিতা মূলক ডাকসু নির্বাচন দিতে হবে। নির্বাচন পূর্ববর্তী যেসব সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের সঙ্গে আমরা আছি। আশা করি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অতিদ্রুত সংস্কার শেষে শিক্ষার্থী বান্ধব ডাকসু উপহার দেবেন। একই সঙ্গে যারা ডাকসুতে নির্বাচিত হবেন, তারা শিক্ষার্থীদের যে চাওয়া তার সঙ্গে মিল রেখে ডাকসুকে আরও বেশি ছাত্রবান্ধব হিসেবে গড়ে তুলবেন।’
এতে অন্যান্যদের মধ্যে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানাউল্লাহ হক, সদস্যসচিব রাকিবুল ইসলামসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) ডাকসু নির্বাচনের টাইমলাইন প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টাইমলাইন অনুযায়ী, মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠন এবং প্রধান রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হবে। একই মাসের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এরপর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। তবে তফসিল কবে ঘোষণা করা হবে এবং কবে নির্বাচন হবে, এ নিয়ে কিছুই উল্লেখ নেই ওই টাইমলাইনে।
আরিফ জওয়াদ/মাহফুজ