রাজধানীর মেরুল বাড্ডার একটি বাসায় আসাদুজ্জামান দুর্ব (২৫) নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) ওই বাসার তৃতীয় তলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত সোমবার (৩০ জুন) রাত পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্বর চাচা সাদিকুর রহমান জানান, মেরুল বাড্ডা কাঁচাবাজার গলির একটি বাড়ির তৃতীয় তলায় থাকতেন দুর্ব। সোমবার বিকেলে তার পাশের রুমের ভাড়াটের মাধ্যমে খবর পেয়ে ওই বাসায় গিয়ে দেখেন, রুম ভেতর থেকে বন্ধ। তখন থানায় খবর দেন তিনি। পরে পুলিশ ও বাড়িওয়ালার মাধ্যমে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন দুর্ব।
এসআই রাশেদ মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে একটি রুমের সিলিং ফ্যানের সঙ্গে আসাদুজ্জামানকে ঝুলে থাকতে দেখি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা তা জানতে তদন্ত করছে পুলিশ।
আসাদুজ্জামান দুর্ব ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বরিশালের কাউনিয়া থানার কাজীবাড়ি মসজিদের ১ নম্বর লেনে। তিনি রাজধানীর মেরুল বাড্ডার ল-৩২/৪/১ শামসুজ্জামান দুদু মিয়ার বাসায় ভাড়া থাকতেন। দুর্বর বাবা শামসুজ্জামান বাবু একজন প্রকৌশলী এবং মা স্কুলশিক্ষিকা বলে জানা গেছে।