'ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের' প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতা-কর্মীরা। এ ছাড়াও চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অভ্যুত্থান পরবর্তী জুলাইয়ের আকাঙ্ক্ষা ছাত্রসংসদ নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রসংসদের তফসিল ঘোষণায় একটি পক্ষের আত্মায় ঘা লেগেছে। তারা ছাত্রসংসদ নির্বাচন বন্ধে কালো থাবা মারার চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘দেশের বাইরে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণ করার অপচেষ্টা চলছে। প্রশাসনও তাদের ইশারায় চলছে। ইতোমধ্যে ডাকসু নির্বাচন বন্ধে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে, যা এক গভীর ষড়যন্ত্রের অংশ।’
ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল বলেন, ‘ছাত্রশিবিরের বিরুদ্ধে ক্রমাগত ট্যাগিং, সাইবার বুলিং করা হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে অশ্রাব্য ভাষায় হেনস্তা করা হচ্ছে।’
ছাত্রদলের উদ্দেশ্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আপনাদের যদি ছাত্রবান্ধব কর্মসূচি না থাকে,ম তাহলে আমাদের বলুন, আমরা তৈরি করে দেব। ছাত্রদল তাদের সভা-সমাবেশে ছাত্রশিবিরকে নিয়ে বিষেদগার না করে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলুক।'
এ সময় তিনি ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যাচার ও ট্যাগিং বাদ দিয়ে গঠনমূলক কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।’
তিনি আরও বলেন, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এভাবে কোনো ক্যাম্পাস চলতে পারে না। বাকৃবিতে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে হামলা করা হয়েছে।'
ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রেজাউল করিম শাকিলের সঞ্চালনায় মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহসহ মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার অসংখ্য নেতা-কর্মীরা।
শফিকুল/রিফাত/