ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক পদে এগিয়ে রয়েছে ছাত্রশিবির।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত পাওয়া খবরে ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয়ের পথে রয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট পেয়েছেন ১২ হাজার ৬৭৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ২২১ ভোট।
মঙ্গলবার দিবাগত রাত ২টার পর থেকে ফল ঘোষণা শুরু হয়।
জানানো হয়, কার্জন হলে সাদিক কায়েম ভোট পেয়েছেন ৬৪৪ আর আবিদুল ইসলাম ১৪১ ভোট।
সুফিয়া কামাল হলে সাদিক ১২৭০, আবিদ পেয়েছেন ৪২৩ ভোট।
এছাড়া ফজলুল হক হলের সাদিক পেয়েছেন ৮৪১ ভোট আর আবিদ পেয়েছেন ১৮১টি ভোট।
সাদিক ৯৬৬ ভোট পেয়েছেন শহীদুল্লাহ হলে, আবিদ পেয়েছেন ১৯৯।
শামসুন্নাহার হলে সাদিকের প্রাপ্ত ভোট ১ হাজার ১১৪ ও আবিদ পেয়েছেন ৪৩৪টি।
জগন্নাথ হলে আবিদুল পেয়েছেন ১২৭৬ ভোট, সাদিক পেয়েছেন ১০ ভোট।
এদিকে, জিএস পদে ছাত্রদলের প্রার্থী শেখ তানভীর বারি হামিমের চেয়ে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ এগিয়ে আছেন।
ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম ৪ হাজার ৮৭৫ ভোট পেয়েছেন। আর ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ ৯ হাজার ৭৪১ ভোট পেয়েছেন।
নির্বাচনে ছাত্রদলসহ কয়েকটি সংগঠনের প্রার্থীরা ভিসি নিয়াজ আহমেদের বিরুদ্ধে শিবিরের পক্ষে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুললেও উপাচার্য দৃঢতার সঙ্গে বলেছেন, তিনি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি দাবি করেন, দু-একটি ছোট-খাটো বিচ্যুতি ছাড়া নির্বাচনে বড় কোনো অভিযোগ ওঠেনি।
তবে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ফেসবুক স্ট্যাটাসে ফলাফল প্রত্যাখ্যান করেন।
এ ছাড়া ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, অদম্য একাত্তর ফল প্রত্যাখ্যান করেছে।
এর আগে ডাকসু এবং হল সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। এতে রেকর্ডসংখ্যক ভোট পড়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রসংশ্লিষ্টরা জানিয়েছেন, গড়ে ৭৮.৩৩ শতাংশ ভোট পড়েছে এবারের ডাকসু নির্বাচনে।
তবে বিকেলে ভোট গণনা শুরুর পর থেকে ক্যাম্পাসসহ আশপাশে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়।