ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুক পোস্টে অভিনন্দন বার্তায় নুরুল হক নুর লিখেছেন, ‘আশা করি নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করবেন। তারা ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ছাত্ররাজনীতিতে একটি নবদিগন্তের সূচনা করবেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি হিসেবে উল্লেখ করে নুর ডাকসুর নবনির্বাচিত নেতাদের উদ্দেশে বলেন, ‘এখানে ছাত্ররাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবা মুক্ত। এই ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থী তথা জাতির কল্যাণে। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া-গবেষণা, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব, সাহিত্য-সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি।’
ডাকসু নির্বাচনকে ঘিরে কোনো সহিংস ঘটনা না ঘটায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান নুর। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে; যারা অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা একটি অত্যন্ত প্রাণবন্ত, অংশগ্রহণমূলক সফল নির্বাচন সম্পন্ন করেছেন।’
অন্যান্য একাডেমিক কার্যক্রমের মতো ডাকসু ও হল সংসদ নির্বাচনকে একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসুর নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানান নুর।