জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ গত বৃহস্পতিবার শেষ হয়েছে। ভোট শেষ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা শুরু করতে পেরেছে নির্বাচন কমিশন। ফলাফল কখন প্রকাশ হবে, সে ব্যাপারে সুস্পষ্ট কিছু জানাতে পারেননি নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ।
জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কেবল হল সংসদের ভোট গণনা শেষ করা সম্ভব হয়। ভোট গণনায় অস্বাভাবিক বিলম্ব দেখে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য জোটসহ বেশ কয়েকটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী। ইসলামী ছাত্রশিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট গতকাল রাতের মধ্যে ফল ঘোষণা না হলে কঠোর অবস্থানে যাওয়ার আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা শুরু হয়েছে। জাকসু নির্বাচন কমিশনার রেজোয়ানা করিম স্নিগ্ধা জানান, প্রথম ধাপে ৯টি হলের ভোট গণনা হবে। হলগুলো হচ্ছে- বেগম সুফিয়া কামাল হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, মীর মশাররফ হোসেন হল, শহিদ সালাম-বরকত হল, নওয়াব ফয়জুন্নেসা হল, খালেদা জিয়া হল, শহিদ রফিক-জব্বার হল, তারামন বিবি হল ও জাহানারা ইমাম হল। এসব হলের ভোট গণনা শেষ হলে বাকি হলগুলোর গণনা শুরু হবে। ২১টি আবাসিক হল রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
কমিশনের অব্যবস্থাপনা
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২১টি হলে ভোট গ্রহণ শুরু হয়। এরপর থেকেই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনা ও নানা অসংগতির অভিযোগ উঠতে থাকে। শুরুর দিকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম ছিল। দুপুরের পর থেকে উপস্থিতি বাড়তে থাকে। ভোট গ্রহণের নির্ধারিত সময় বিকেল ৫টার পর কেন্দ্রের বাইরে ভোটারদের সারি থাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং তাজউদ্দীন আহমদ হলে সন্ধ্যার পরও ভোট গ্রহণ হয়েছে। রাত ১০টার দিকে হাতে ভোট গণনা শুরু হয়। এ সময় গতকাল শুক্রবার দুপুরে ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রশিদুল আলম। বৃহস্পতিবার ভোট গ্রহণ নিয়ে দিনভর নানা অভিযোগ তোলেন প্রার্থীরা। এর মধ্যে ছিল এক এক হলে এক এক নির্দেশনা পালন, কোথাও ভোটার তালিকায় ছবি না থাকা, আবার কোনো কেন্দ্রে হাতের আঙুলে অমোচনীয় কালি না দেওয়া। ভোট গণনার পদ্ধতি নিয়ে গতকালও দিনভর সমালোচনা করেন শিক্ষার্থী ও শিক্ষরা।
রাতের মধ্যেই ফল ঘোষণা: প্রধান নির্বাচন কমিশনার
জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতিতেই সম্পন্ন হবে এবং শুক্রবার রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচন কমিশন কার্যালয়ের বাইরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ ছাত্র সংসদের ভোট গণনার কাজ শুরু হয়েছে। আগে অটোমেটিক্যালি ভোট গণনার সিদ্ধান্ত থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করতে হচ্ছে। ইতোমধ্যে হলভিত্তিক গণনা প্রায় শেষ এবং কেন্দ্রীয় সংসদের গণনা শুরু হয়েছে। আশা করি আজ রাতের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারব।’
প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, ‘সকালে ভোট গণনার দায়িত্ব পালন করতে এসে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েক ঘণ্টা ভোট গণনা বন্ধ রাখা হয়েছে। আমরা সবাই অত্যন্ত ব্যথিত।’