হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্র সংসদ (হাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে অন্তত শতাধিক শিক্ষার্থী প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে উপাচার্যের কক্ষে চলছিল প্রশাসনের বৈঠক।
এর আগে বিকেল সাড়ে চারটায় প্রশাসন ভবনের ভিআইপি হলরুমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৪৫ মিনিট ধরে আলোচনা চললেও সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ফলে বৈঠক অসমাপ্ত রেখে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি শুরু করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম. এনামুল্লাহ, ট্রেজারার জাহাঙ্গীর কবির, প্রক্টর শামসুজ্জোহা, ছাত্র উপদেষ্টা এস. এম. এমদাদুল হাসানসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গত ২৭ জুলাই হাকসু নির্বাচনের দাবিতে কয়েকজন শিক্ষার্থী প্রশাসন ভবনের সামনে অনশন শুরু করেছিলেন। পরে রাত ১টায় প্রশাসন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আট সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে অনশনকারীদের অনশন ভাঙতে রাজি করায়। কিন্তু দুই মাস অতিক্রম হলেও গঠনতন্ত্র প্রস্তুত করা বা নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মতো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সোমবার দুপুরে সংশ্লিষ্ট কমিটির সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। কমিটি আশ্বাস দেয় যে আগামী ২৪ সেপ্টেম্বর গঠনতন্ত্র নিয়ে আলোচনা হবে এবং নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। পরে শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বিকেলে আবার বৈঠকের আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২২তম ব্যাচের শিক্ষার্থী এটিএম সিফাতউল্লাহ বলেন, আমাদের আজ বিকেলে প্রশাসন আলোচনার জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু বৈঠকে সব পক্ষের উপস্থিতি না থাকার কথা বলে তারা ২৪ সেপ্টেম্বর আবারও আলোচনায় বসার কথা জানিয়েছেন। আমরা মনে করি, ওই তারিখে শুধু গঠনতন্ত্র নিয়েই আলোচনা হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে না। অথচ দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গঠনতন্ত্র চূড়ান্ত না করেই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। তাই আমরা প্রশাসন ভবসের সামনে অবস্থান নিয়েছি। রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত আমরা এখানেই থাকব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শামসুজ্জোহা বলেন, আজকের বৈঠকটি ছিল অনানুষ্ঠানিক। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে, কিন্তু আজকের আলোচনায় অনেকেই অনুপস্থিত ছিল। হাকসু নির্বাচনের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা খসড়া গঠনতন্ত্র তৈরি করেছে। আগামী ২৪ সেপ্টেম্বর সেই খসড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হবে। একইসঙ্গে নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করা হবে।
সুলতান/এসজি/