শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫ রাষ্ট্রপতির আদেশক্রমে অনুমোদিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই অনুমোদনের বিষয়টি জানানো হয়।
নীতিমালা অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
তিনি বলেন, ‘বেরোবি ছাত্র সংসদের নীতিমালায় রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন। আমি শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলাম, ৩১ অক্টোবরের মধ্যেই আমাদের নীতিমালা পাস হবে। সেটি নির্ধারিত সময়ের আগেই পাস হয়েছে। আমরা এখন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।’
এক প্রশ্নের উত্তরে উপাচার্য জানান, খুব দ্রুতই সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা হবে। কমিশন গঠনসহ বিভিন্ন কারিগরি প্রস্তুতিও নিতে হবে। তবে চলতি বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক এবং রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গাজী আজম/রিফাত/