ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) গত মঙ্গলবার এক অনন্য আন্তর্জাতিক গৌরবের মুহূর্তের সাক্ষী হলো। পর্তুগিজ রাজপরিবারের প্রধান মহামহিম এইচআরএইচ ডোম ডুয়ার্তে, ব্রাগঁজা ডিউক তার রাজকীয় সফরে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটির ডিআইইউ ক্যাম্পাসে আগমন করেন।
এই সফরের অন্যতম আকর্ষণ ছিল লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি কৌশলগত অংশীদারত্ব স্বাক্ষর অনুষ্ঠান, যা ভবিষ্যতে শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। এ ছাড়া এই সফরের মাধ্যমে ফেয়ার পে চার্টারের বাংলাদেশ এম্বাসেডর হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খানকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
এই উদ্যোগটি মূলত যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জের (LTE) নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যেটি বিশ্বজুড়ে বিলাসবহুল চা বিপণনের পাশাপাশি নৈতিক ব্যবসা ও সামাজিক দায়বদ্ধতার (CSR) ক্ষেত্রেও পরিচিত একটি নাম। ফেয়ার পে চার্টার বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়, করপোরেট হাউস ও উদ্যোক্তা সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করছে—যাতে প্রতিটি দেশে ন্যায্য বেতননীতি কার্যকর হয়।
রাজকীয় আগমনে পর্তুগিজ রাজপরিবারের প্রধান মহামহিম এইচআরএইচ ডোম ডুয়ার্তে, ব্রাগঁজা ডিউককে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অব অনার সম্মান। এর পর মহামান্য ডিউক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তার সফরের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও পর্তুগালের মধ্যে শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের নতুন দিগন্তের সূচনা হলো।