রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেয়াদ উত্তীর্ণ ঝুঁকিপূর্ণ মন্নুজান হল থেকে শিক্ষার্থীদের অন্যত্র নিরাপদ স্থানে স্থানান্তরের দাবিতে বিক্ষোভ করেছেন হলের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা, প্রশাসনের প্রহসন মানি না মানবো না, মন্নুজান মৃত্যুপুরে প্রশাসন কি করে, শের এ বাংলা হল পেল, মন্নুজান কোথায় গেল, তুমি কে আমি কে মন্নুজান’ প্রভৃতি স্লোগান দেন।
এক পর্যায়ে প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসলে উপাচার্যের সঙ্গে কথা না বলে যাবেন না বলে জানান শিক্ষার্থীরা।
রাত সাড়ে ৯টার দিকে রাকসুর প্রতিনিধিরা উপাচার্যের সঙ্গে আলোচনার জন্য বাসভবনে প্রবেশ করেন। আলোচনায় আগামী ২-৩ দিনের মধ্যে মন্নুজান হলে প্রকৌশলী টিম পরিদর্শন করবে বলে জানান উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
এ বিষয়ে বিক্ষোভরত মন্নুজান হল সংসদের ভিপি সুমাইয়া জাহান বলেন, ভূমিকম্পের পর প্রশাসনের পক্ষ থেকে জরুরী সিন্ডিকেট ডেকে ভিসি স্যার আমাদের জানিয়েছিল পরদিনই দক্ষ প্রকৌশলী এসে হলের ক্ষতিগ্রস্ত জায়গাগুলো মনিটরিং করবে। কিন্তু পরবর্তী দুইদিন পার হয়ে গেলেও এখনও কেউ হলে আসেননি। এরপর আমি প্রক্টর স্যারের সঙ্গে কথা বললে তিনি জানান, কাল-পরশুর মধ্যে দক্ষ প্রকৌশলী পাঠানোর চেষ্টা করবেন। ভূমিকম্পের আগে প্রশাসন আমাদের হলে এসে দেখে গেছে এবং প্রকৌশল টিম আমাদের হল ভিজিট করে গেছে। কিন্তু এখন পর্যন্ত তার রিপোর্ট আমরা পাইনি। সম্প্রতি ভূমিকম্পের পর আমাদের হল আরও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের কেউ আসে নাই, তারা আসলে কি চাইছে আমরা বুঝতে পারছি না।
শাকিবুল/নাঈম