‘জাতীয় ফিজিওথেরাপি অলিম্পিয়াড ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউটে দেশের বিভিন্ন কলেজ ও প্রতিষ্ঠানের মেধাবী ফিজিওথেরাপি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার উত্তীর্ণ পর্ব।
বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন (BPSU) অনুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাপসু সভাপতি আশিকুর রহমান।
অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ফিজিওথেরাপিস্ট ও পেশাজীবীরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন-স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেসের ফিজিওথেরাপি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, NPF এর সভাপতি ডা. এস. এম. কামাল হোসেন, প্রবীণ হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. এস. এম. দাবির হোসেন, সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ ফিরিজুল আলম ফিরোজ, ফিরোজা বারী প্রতিবন্ধী শিশু হাসপাতালের ফিজিওথেরাপিস্ট ডা. সন্তনু বাড়ই,, মেফেয়ার ওয়েলনেস ক্লিনিক লিমিটেডের ইন-চার্জ ও কনসালটেন্ট ডা. মো. মুরাদ হোসেন মেহেদী, বিপিএ এর সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, Physiotherapy Students Association (SCHS) এর সভাপতি জাহের রাহাত, BPSU এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন (বাপসু) সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন তৌহিদ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ‘এই অলিম্পিয়াড দেশের ফিজিওথেরাপি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত আত্মবিশ্বাস বৃদ্ধি করে ভবিষ্যতের জন্য আরও শক্ত ভিত্তি তৈরি করবে।’
অলিম্পিয়াড ৩ ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপ Round of Elimination & Leaderboard- সেরা ৪০ থেকে নির্বাচিত হয়েছেন ২০ জন, দ্বিতীয় ধাপ Less Option More Points- ২০ জন থেকে নির্বাচিত ১০ জন এবং তৃতীয় ধাপ Rapid Fire Round- এখানেই নির্ধারিত হয় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ।
চূড়ান্ত ফলাফলে চ্যাম্পিয়ন হয়েছেন আনিকা ইয়াসমিন, ফার্স্ট রানার্স-আপ তানজিনা জানা অনু এবং সেকেন্ড রানার্স-আপ রাদিয়া ইসলাম মেধা নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন– বাপসু জানায়, আগামী বছর আরও বৃহৎ পরিসরে জাতীয় পর্যায়ের এই অলিম্পিয়াড আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এসএন/