চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
এবার মোট ৯৩১টি আসনের বিপরীতে প্রায় ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এতে প্রতি আসনের জন্য লড়ছেন গড়ে প্রায় ১৫ জন পরীক্ষার্থী ।
এর আগে গত ৬ জানুয়ারি (মঙ্গলবার) ক ও খ গ্রুপভিত্তিক যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। অনলাইনে প্রাপ্ত আবেদনপত্রের ভিত্তিতে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি- এই চার বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধাতালিকা তৈরি করা হয়। ওই তালিকা থেকে প্রায় প্রথম ১৩ হাজার যোগ্য প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। গত ১২ জানুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়।
চুয়েটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, পুরকৌশল,যন্ত্রকৌশল সহ ৫টি অনুষদের অধীনে মোট ১২টি বিভাগে সাধারণ আসন ৯২০টি সহ সর্বমোট ৯৩১টি আসন রয়েছে। এর মধ্যে রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টিসহ মোট ১১টি আসন সংরক্ষিত।
এবার ক গ্রুপে অংশগ্রহণ করবে ১৩,০৯২ জন এবং খ গ্রুপে ৮৫০ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১১,০৮৪ জন এবং ছাত্রী ২,৮৫৮ জন। ক গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর খ গ্রুপের স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় ক ও খ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। ক গ্রুপের জন্য ৫০০ নম্বরের এবং খ গ্রুপের জন্য ৫০০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার পাশাপাশি স্থাপত্য বিভাগের পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ অন্তর্ভুক্ত থাকলেও খ গ্রুপে এর সঙ্গে স্থাপত্য বিভাগ যুক্ত রয়েছে।
খ গ্রুপের পরীক্ষা শুধু চুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। চুয়েট কেন্দ্রে ৮,৫০০ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এ ছাড়া দুটি উপকেন্দ্রে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১,৩৬৫ জন এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৪,০৭৭ জনসহ মোট ৫,৪৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
ভর্তি পরীক্ষাসংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা চুয়েট ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকা ২০২৫–২৬ থেকে জানা যাবে। কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নির্দেশিকা অনুযায়ী নিয়মাবলি অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী শনিবার (৩১ জানুয়ারি) ভর্তি পরীক্ষার ফলাফল বা মেধাতালিকা প্রকাশ করা হবে।
ইবাদ হোসেন/সুমন/