জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনারকক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো. তানফির নিয়াজ ফাহিম ও মো. মাহফুজুর রহমান মিতুল।
বুধবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে বাসায় পাঠানো হয়েছে।
জানা যায়, সকালে সেমিনারকক্ষে অবস্থান করছিলেন ওই দুই শিক্ষার্থী। হঠাৎ তাদের ওপর ছাদের প্লাস্টার খসে পড়লে তারা আহত হন। এর মধ্যে একজনের মাথায় এবং অপরজনের পিঠে মারাত্মক আঘাত লাগে। আহত অবস্থায় দ্রুত তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে প্রশাসনের নীরবতা ও অবহেলার তীব্র সমালোচনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতারা।
জকসু এজিএস মাসুদ রানা ক্ষোভ প্রকাশ করে খবরের কাগজকে বলেন, ‘জবি ক্যাম্পাসের অধিকাংশ ভবন দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিছু ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ে না। তারা যেন বিষয়টি দেখেও না দেখার ভান করছে।’
তিনি আরও বলেন, ‘গতবার ভূমিকম্পের সময় বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হলেও ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংস্কারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে শিক্ষার্থীদের প্রতিনিয়ত অনিরাপদ পরিবেশে ক্লাস করতে হচ্ছে। আর কতজন শিক্ষার্থীর ক্ষতি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘুম ভাঙবে?’
জকসু জিএস আব্দুল আলিম আরিফ আহতদের বর্তমান অবস্থার কথা জানিয়ে বলেন, ‘গণিত বিভাগের সেমিনাররুমের ছাদের পলেস্তারা ধসে আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে বাসায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’
শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ। আমরা আগেও বলেছি, এখনো বলছি এসব ভবন সংস্কার করা প্রয়োজন। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গঠনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
মুজাহিদ বিল্লাহ্/অমিয়/