আজকের আধুনিক সমাজে কর্মব্যস্ততা, প্রতিযোগিতা আর পরিবর্তিত জীবনযাত্রার ভিড়ে সম্পর্ক টিকিয়ে রাখা সহজ নয়। বিশেষত নারীদের জন্য এটি একটি চ্যালেঞ্জ, কারণ তারা একসঙ্গে সংসার, কর্মক্ষেত্র, সন্তান এবং আত্মীয়স্বজনের নানা দায়িত্ব পালন করে থাকেন। তাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুস্থ রাখতে নারীকে হতে হয় সচেতন, সংবেদনশীল এবং ইতিবাচক। কেবল নারীর একার দায়িত্ব নয়, বরং দাম্পত্য সম্পর্ক হলো দুজনের সমান চেষ্টার ফল। তবুও একজন নারী যদি নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তাহলে সম্পর্ক আরও মজবুত হয়ে ওঠে।
সুস্থ সম্পর্ক মানে কেবল একসঙ্গে থাকা নয়, বরং একে অপরকে বোঝা, সম্মান করা এবং আবেগগতভাবে সংযুক্ত থাকা। দাম্পত্যে মানসিক নিরাপত্তা ও ভালোবাসা জরুরি। একজন নারী যখন স্বামী বা সঙ্গীর সঙ্গে খোলামেলা আলাপ করেন, নিজের অনুভূতি প্রকাশ করেন এবং একই সঙ্গে তার প্রয়োজনগুলো বোঝার চেষ্টা করেন, তখনই সম্পর্ক প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রেমে পড়া সহজ হলেও দীর্ঘমেয়াদে সম্পর্ক গড়ে তোলা কঠিন। নারীদের জন্য এখানে ধৈর্য, বোঝাপড়া এবং ইতিবাচক মানসিকতা অপরিহার্য। পরিবার, কর্মজীবন ও ব্যক্তিগত স্বপ্নের ভারসাম্য রক্ষা করতে গিয়ে অনেক সময় দাম্পত্যের প্রতি যত্ন কমে যায়। কিন্তু মনে রাখা দরকার, সম্পর্ক যত্ন না পেলে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। তাই নিয়মিত ছোট ছোট যত্ন, যেমন একসঙ্গে সময় কাটানো, সঙ্গীর কথা শোনা বা ছোট কোনো চমক দেওয়ার মাধ্যমে সম্পর্ক আবারও নতুন উদ্যমে ভরে উঠতে পারে।
অনেক নারী অজান্তেই অসুস্থ সম্পর্কে আটকে থাকেন। মিথ্যা বলা, গোপনীয়তা, অযথা নিয়ন্ত্রণ, অসম্মান বা মানসিক নির্যাতন হলো এমন কিছু সংকেত যা অবহেলা করা ঠিক নয়। একজন নারী যদি নিজেকে প্রতিনিয়ত অবমূল্যায়িত বোধ করেন বা নিজের স্বাধীনতা হারিয়ে ফেলেন, তবে বুঝতে হবে সম্পর্কটি সুস্থ নয়। এ ক্ষেত্রে নিজেকে দোষারোপ না করে সাহসী সিদ্ধান্ত নেওয়া জরুরি।
সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখতে কিছু মৌলিক বিষয়কে গুরুত্ব দেওয়া জরুরি। যেমন-
খোলামেলা যোগাযোগ: নারীরা প্রায়ই মনে করেন সঙ্গী নিজে থেকেই তাদের মনের কথা বুঝে ফেলবেন। কিন্তু বাস্তবে তা সবসময় সম্ভব নয়। তাই সরাসরি নিজের প্রয়োজন বা অনুভূতি প্রকাশ করা জরুরি।
মানসম্মত সময়: সংসারের ব্যস্ততার ভিড়ে মুখোমুখি সময় কাটানো কমে যায়। তাই প্রতিদিন অন্তত কিছুটা সময় সঙ্গীর সঙ্গে গল্প করা বা একসঙ্গে হাঁটাহাঁটি সম্পর্ককে প্রাণবন্ত করে তোলে।
শারীরিক ঘনিষ্ঠতা বজায় রাখা: কেবল যৌন সম্পর্ক নয়, বরং আলিঙ্গন, হাত ধরা, চোখের ভাষায় কথা বলা এসব ছোট ছোট মুহূর্ত দাম্পত্যে গভীরতা আনে।
দেওয়া–নেওয়ার মানসিকতা: সবসময় নিজের ইচ্ছাই পূর্ণ হবে এমন প্রত্যাশা রাখা উচিত নয়। সঙ্গীর চাহিদা বোঝা এবং নিজেও প্রয়োজন প্রকাশ করা সম্পর্ককে ভারসাম্যপূর্ণ করে।
উত্থান-পতনের প্রস্তুতি: জীবনে দুঃসময়ের মুখোমুখি হতেই হয়। তখন দোষারোপ না করে একে অপরের পাশে থাকা সম্পর্কের প্রকৃত পরীক্ষা।
পরামর্শ
নারীরা প্রায়ই নিজের সুখ-দুঃখকে গৌন করে পরিবারকে অগ্রাধিকার দেন। কিন্তু নিজের শখ, আগ্রহ এবং আত্মপরিচয় টিকিয়ে রাখা জরুরি। নিজের বন্ধু, পেশাগত স্বপ্ন বা প্রিয় কাজ থেকে বিচ্ছিন্ন হলে সম্পর্কেও একঘেয়েমি চলে আসে। তাই একজন নারী যদি নিজেকে পরিপূর্ণভাবে ভালোবাসেন এবং নিজের যত্ন নেন, তবে তিনিই পরিবার ও সম্পর্কে আলো ছড়িয়ে দিতে পারবেন।
সুস্থ সম্পর্ক গড়তে নারীকে হতে হবে সচেতন, আবার একই সঙ্গে সঙ্গীকেও এগিয়ে আসতে হবে। ভালোবাসা, বোঝাপড়া ও পারস্পরিক সম্মানের সমন্বয়েই গড়ে ওঠে সুখী দাম্পত্য। তাই প্রতিটি নারী যদি নিজের আবেগ, প্রয়োজন ও ভালোবাসাকে যথাযথভাবে প্রকাশ করতে শেখেন, তবে সম্পর্ক হবে স্থায়ী, নিরাপদ ও সুন্দর যেমনটি তিনি সবসময় কল্পনা করেন।
তথ্যসূত্র: হেল্পগাইড
/এস লুপিন
.jpg)