নরসিংদীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এক প্রেমিককে কুপিয়ে জখম করা হয়েছে। একই ঘটনার জেরে এক প্রেমিকার বাড়িসহ আশপাশের কয়েকটি ঘরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।
রবিবার (২৬ এপ্রিল) রাতে সদর উপজেলার মাধবদী পৌর শহরের খনমুর্দ্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার মাহতাব ভূইয়ার ছেলে সাজ্জাদ ভূইয়া (২২) নামে এক তরুণের সঙ্গে একই এলাকার ১৮ বছর বয়সি এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্ক মেনে না নেওয়ায় দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। স্থানীয়ভাবে দুই বার সালিশ হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এর জেরে রবিবার বিকেলে তরুণীর লোকজন ধারালো অস্ত্র দিয়ে সাজ্জাদকে কুপিয়ে গুরুতর আহত করেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ছেলের পক্ষের শত শত নারী-পুরুষ নরসিংদী-মদনগঞ্জ সড়ক অবরোধ করে। পরে ওই তরুণীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এরপর তরুণীর দুই চাচা ও ফুফুর আরও কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দেয় তারা।
এতে অন্তত তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পরিবারের বিরোধের কারণে পরিস্থিতি দীর্ঘদিন ধরে উত্তপ্ত ছিল। সাজ্জাদকে আহত করার খবর পাওয়ার পর রাত সাড়ে ৯টা পর্যন্ত আগুন লাগার ঘটনা ঘটে। আগুন পাশের বাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে। অল্পের জন্য অন্য বাড়িগুলো রক্ষা পায়।
তারা জানান, তরুণীর বাবা আমির হোসেন, চাচা আবু সিদ্দিক ও ফুফু লায়লার বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় এবং পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে আমিরের একতলা পাকা ভবন ও টিনশেড ঘরের আসবাবপত্রসহ মালামাল পুড়ে যায়।
এদিকে আহত সাজ্জাদ হোসেনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তার স্বজনরা।
সাজ্জাদ হোসেনকে কুপিয়ে আহত করার ঘটনায় তার মা বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা করেছেন। এ মামলায় রবিবার রাতে মো. আল-আমিন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি খবরের কাগজকে বলেন, আগুন লাগানোর ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি প্রেমসংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
অমিয়/