পদার্থ ও শক্তি
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: শক্তির কয়েকটি উৎসের নাম লেখ।
উত্তর: শক্তির কয়েকটি উৎস হলো- কয়লা, তেল, ব্যাটারি, জেনারেটর, বায়ুপ্রবাহ, জলপ্রবাহ ইত্যাদি।
প্রশ্ন: শক্তির সংরক্ষণশীলতা নীতি কী?
উত্তর: শক্তির সংরক্ষণশীলতা নীতি হলো- শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি শুধু রূপান্তরিত হয় এক রূপ থেকে অন্য রূপে।
রচনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: যখন টিভি চালানো হয় তখন শক্তির কী কী পরিবর্তন হয়?
উত্তর: যখন টিভি চালানো হয় তখন শক্তির যে যে পরিবর্তন হয় তা হলো-
ক) বিদ্যুৎশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়।
খ) বিদ্যুৎশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।
গ) বিদ্যুৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়।
প্রশ্ন: ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়। তোমার বন্ধু মনে করে গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়। তার ধারণাটি কী সঠিক? ব্যাখ্যা করো।
উত্তর: ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়। আমার বন্ধু মনে করে গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়। তার ধারণাটি সঠিক, কারণ আমরা জানি কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। ঠান্ডা পানির গ্লাস যখন হাত দিয়ে ধরা হয় তখন সেটি পরিবহন পদ্ধতিতে হাতে চলে আসে এবং হাত ঠান্ডা হয়। সুতরাং আমার বন্ধুর ধারণা সঠিক।
প্রশ্ন: যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন তাপ কীভাবে সঞ্চালিত হয়?
উত্তর: আমরা জানি তিনটি উপায়ে তাপ সঞ্চালিত হয়। যেমন- পরিবহন, পরিচলন এবং বিকিরণ। যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। যখন ভাত রান্না করার জন্য পাতিল চুলায় দেওয়া হয়, তখন প্রথমে নিচের অংশ গরম হয়ে ওপরে উঠে আসে। আর পাত্রের ওপরের অংশের তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে আসে, যা আবার গরম হয়ে ওপরে উঠে আসে। এভাবে তাপ পাত্রের সর্বত্র ছড়িয়ে পড়ে।
প্রশ্ন: বাড়ির আশপাশে বৃক্ষরোপণ করে কীভাবে শক্তি সংরক্ষণ করা যায়?
উত্তর: আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি। এই শক্তির পরিমাণ নির্দিষ্ট। তাই আমাদের শক্তির যথাযথ ব্যবহার করতে হবে। বাড়ির আশপাশে বৃক্ষরোপণ করে আমরা শক্তি সংরক্ষণ করতে পারি। কারণ বৃক্ষ আমাদের ছায়া দেয় এবং বাতাস দেয়। ফলে আমরা গরম অনুভব করি না এবং ঘেমে যাই না। সুতরাং আমাদের বিদ্যুৎচালিত বাতাসের দরকার হয় না। তাই বিদ্যুৎশক্তি সংরক্ষিত হয়। এভাবে আমরা বাড়ির আশপাশে বৃক্ষরোপণ করে শক্তি সংরক্ষণ করতে পারি।
যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: তাপ প্রয়োগে পদার্থের পাঁচটি পরিবর্তন ঘটে, সে সম্পর্কে লিখ।
উত্তর: কোনো পদার্থের ওপর তাপ প্রয়োগ করলে পদার্থের নিম্নলিখিত পরিবর্তন ঘটে:
১. তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন হয়।
২. বস্তুকে তাপ দিলে, তাপ গ্রহণ করে বস্তুটি উত্তপ্ত হয়।
৩. বস্তুকে অধিক তাপ দিলে আলোক বিকিরণ করে।
৪. তাপ দিলে পদার্থের আয়তন বৃদ্ধি পায়।
৫. তাপ প্রয়োগে পদার্থের অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হয়।
প্রশ্ন: সৌরবিদ্যুৎ কী? আমাদের দেশের জন্য সৌরবিদ্যুৎ প্রয়োজন কেন?
উত্তর: সূর্যের আলোর সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে সৌরবিদ্যুৎ বলা হয়। জনসংখ্যা বৃদ্ধির কারণে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশে দিন দিন বিদ্যুতের চাহিদা বাড়ছে। দিন দিন বিদ্যুৎ উৎপাদনও বাড়ছে। কিন্তু বিদ্যুতের উৎপাদন বিদ্যুতের চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না। ফলে সব সময়ই বিদ্যুতের কিছু ঘাটতি থেকেই যাচ্ছে। এ ঘাটতি মেটানোর জন্যই আমাদের সৌরবিদ্যুতের প্রয়োজন।
লেখক: শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢাকা
জাহ্নবী