ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে ‘ফার্স্ট ইন্ট্রা অ্যান্ড কুয়াড্রা ম্যাথ কার্নিভাল-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার শুরু হওয়া দুই দিনব্যাপী (৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই গণিত উৎসবে পাঁচটি ক্যাটাগরিতে সেন্ট ফ্রান্সিস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ ও সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের ৯০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের ডিন অধ্যাপক ড. সায়েদ আখতার হোসেন। তিনি শিক্ষার্থীদের গণিতের প্রতি এই ভালোবাসাকে উৎসাহ দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্ট ফ্রান্সিস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মাবেল কস্তা ও সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার লিওনার্ড চন্দন রোজারিও সিএসসি।
সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক রামকুমার ভট্টাচার্য ও সিনিয়র শিক্ষিকা সুরাইয়া আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন গ্রেগরিয়ান ম্যাথ ক্লাবের মডারেটর সজল রোজারি। তিনি বলেন, ‘গণিত আমাদের সীমাবদ্ধতা চিহ্নিত করতে শেখায়, আমাদের ভুলগুলো চিহ্নিত করে সমস্যা মোকাবিলা করতে শেখায়।’ এই ম্যাথ কার্নিভাল শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলিকে বিকশিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিস্টার মাবেল কস্তা বলেন, ‘গণিত এমন একটি বিষয়, যাকে সবাই ভয় পায় কিন্তু এই ম্যাথ কার্নিভালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ম্যাথকে ভালোবাসে।’
সভাপতির বক্তব্যে ব্রাদার প্লাসিড পিটার রিবেরু বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সময় দেয় গণিতে, কিন্তু তাদের মধ্যে অনেকেই কম নম্বর পায় এই বিষয়ে। গণিত চর্চা ছাড়া এ বিষয়টি শেখা সম্ভব নয়। আর এ জন্য প্রয়োজন গণিতকে ভালোবাসা। ম্যাথ কার্নিভাল শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা এবং এর প্রতি ভালোবাসা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠান শেষে ম্যাথ কার্নিভালের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মুজাহিদ বিল্লা/মাহফুজ