প্রবন্ধ রচনা
(গত ৩ এপ্রিল প্রকাশের পর)
কম্পিউটার
যোগাযোগ ক্ষেত্রে কম্পিউটার: যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়নে কম্পিউটারের বড় ভূমিকা রয়েছে। বিমান, নভোযান, ট্রেন ও নদীপথে জাহাজের গতি নিয়ন্ত্রণ, দিক নির্দেশনায়, অবস্থান নির্ণয় এসব ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার যোগাযোগকে করেছে জটিলতামুক্ত, সহজ ও আধুনিক।
গবেষণা ক্ষেত্রে কম্পিউটার: সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, বৈজ্ঞানিক সব গবেষণায় সূক্ষ্ম বিশ্লেষণ, পরিকল্পনা ও বাস্তবায়নে কম্পিউটার ব্যবহার করা হয়।
নিরাপত্তা ক্ষেত্রে কম্পিউটার: যেকোনো সরকারি বা বেসরকারি কাজে ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে কম্পিউটার ব্যবহার করা হয়। বিমানবন্দরে, দেশের সীমান্তের চেকপোস্টে, সমুদ্রবন্দরে, মন্ত্রণালয়ে ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিরাপত্তা রক্ষার জন্য কম্পিউটারের ব্যবহার বর্তমানে অপরিহার্য।
কৃষি ক্ষেত্রে কম্পিউটার: কৃষি ক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকরা ঘরে বসে সুইচ টিপে ট্রাক্টর চালান, সুইচ টিপে বীজ বোনার কাজ, সার দেওয়ার কাজ করেন। এ ছাড়া ফসল তোলা, মাড়ানো ইত্যাদি কাজেও কম্পিউটার ব্যবহার করা হয়। এমনকি ফসল গুদামে এনে কাচের বড় বড় বাক্সে ভরার কাজটিও কম্পিউটার করে থাকে।
আরো পড়ুন : কম্পিউটার বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব
সামাজিক প্রতিক্রিয়া: নির্ভুল কর্মসম্পাদন, দ্রুতগতি ও বিচিত্র জটিল কাজের সহজে সমাধান করে কম্পিউটার বর্তমান যুগে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সেই সাথে সমাজ জীবনের গতিকে করেছে ত্বরান্বিত, জীবনকে করেছে আধুনিক ও উন্নত। সময়ের অপচয় রোধ, নিখুঁতভাবে কাজ করা, কাজের মান বৃদ্ধি ইত্যাদি কারণে কম্পিউটার আজ আমাদের জন্য এক অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। তবে কম্পিউটারের ব্যাপক ব্যবহার বেকারত্ব ও মস্তিষ্কের অলসতা বৃদ্ধিসহ সামাজিক ভারসাম্য নষ্টও করতে পারে।
আধুনিক সভ্যতা ও কম্পিউটার: বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার। ব্যবসা-বাণিজ্যে, প্রশাসনিক প্রতিষ্ঠান ও গবেষণাগার থেকে শুরু করে কম্পিউটার মানুষের সর্বস্তরে এক অভাবনীয় বিপ্লবের সূচনা করেছে। বর্তমানে কম্পিউটার ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় এক নব যুগের সূচনা করেছে। অদূর ভবিষ্যতে কম্পিউটারকে একজন মানুষের বিকল্প হিসেবে কাজ করানোর চেষ্টা চলছে।
মানবজীবনে কম্পিউটারের প্রভাব: মানবজীবনে কম্পিউটার যে প্রভাব ফেলছে তা সত্যিই অকল্পনীয়। মানবজীবনের প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব রয়েছে। কম্পিউটার আমাদের জীবনে আধুনিকত্ব এনে দিয়েছে। মানবজীবনে কম্পিউটারের ক্ষতিকর প্রভাব বিদ্যমান রয়েছে। কম্পিউটার ছাড়া বর্তমান যুগের মানুষ এক মুহূর্তের জন্যও চলতে পারে না।
বাংলাদেশে কম্পিউটার: ১৯৬৪ সালে ঢাকা পরমাণু শক্তিকেন্দ্র আইবিএম ১৬২০ কম্পিউটার স্থাপনের মাধ্যমে বাংলাদেশে কম্পিউটারের প্রচলন হয়। আশির দশকে তা ব্যাপক আকার লাভ করে। উন্নত বিশ্বের অন্যান্য দেশের মতো বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কাজে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। শিক্ষা, গবেষণা, ব্যাংকিং, বিমা, লাভ-লোকসানের হিসাব, এয়ার লাইনের টিকিট বুকিং, ডাটা-বিশ্লেষণ, রিপোর্ট তৈরি, বায়োকেমিক্যাল পরীক্ষা, সিকিউরিটি সিস্টেম ইত্যাদি কাজে কম্পিউটারের ব্যবহার আমাদের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন ও গতিশীলতা এনে দিয়েছে।
বেকারত্ব ও কম্পিউটার: অনেকেই আশঙ্কা করছে অচিরেই মানুষ কম্পিউটারের মতো যন্ত্রদানবের ক্রীড়নকে পরিণত হবে। কাজপিপাসু এ যন্ত্রদানব যখন সব স্তরে পৌঁছে যাবে তখন মানুষ তার ক্রীড়নকে পরিণত না হয়ে পারবে না। তখন বেড়ে যাবে বেকারত্ব। ইতোমধ্যে বিভিন্ন অফিস আদালতে কর্মজীবীর সংখ্যা হ্রাস পাচ্ছে। অন্যদিকে অপারেটর ও প্রোগ্রামসহ বিভিন্ন পদে বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। তারপরও সামগ্রিক দিক বিবেচনা করলে বলা যায়, কম্পিউটার একটি উপকারী যন্ত্র। যার ইতিবাচক ছোঁয়া লেগেছে সব স্তরে।
উপকারিতা: কম্পিউটার মানুষের সব কাজের তদারকিতে ভূমিকা রাখছে। ইতোমধ্যে কম্পিউটার ইলেকট্রনিক্স খবরাদির প্রক্রিয়া হিসেবে টেলিফোন শিল্পে, মনিটরিং ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলছে। হোটেল, পরিবহন, অফিস-আদালতের বিভিন্ন দপ্তরসহ বহু জায়গায় কম্পিউটার ব্যবহার করার ফলে মানুষ উপকৃত হচ্ছে।
অপকারিতা: কম্পিউটার শুধু মানুষের উপকার করে যাচ্ছে এমন নয়। এটি মানুষের কিছু অপকারও করছে। কম্পিউটার ব্যবহারের ফলে বেকারত্ব বেড়ে গেছে এবং এ সংখ্যা ভবিষ্যতে আরও বাড়বে। বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশে এ সমস্যা মারাত্মক আকার ধারণ করবে। একই সঙ্গে অল্প সময়ে কম্পিউটার অনেক লোকের কাজও করে ফেলতে পারবে।
উপসংহার: একদিকে বিজ্ঞানীরা কম্পিউটার নিয়ে গবেষণা চালিয়ে এর ক্রমোন্নতি ঘটাচ্ছেন, অন্যদিকে এটা নিয়ে তারা নানা আশঙ্কাও প্রকাশ করেছেন। ভবিষ্যতে মানুষ আর কম্পিউটার পাশাপাশি বাস করবে। আগামী দিনে মানুষ কম্পিউটারকে পরিচালিত করবে, না মানুষকে কম্পিউটার পরিচালিত করবে? তা কেউই বলতে পারবে না। তবে একথা নিঃসন্দেহে বলা যায়, কম্পিউটার আধুনিক জগতের এক যুগান্তকারী আবিষ্কার তাতে সন্দেহ নেই। এজন্যই ইংরেজিতে একটি কথা আছে, “Computer is like Aladin’s magic lamp or magic wand.”