বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে ২০২৫ শিক্ষাবর্ষে অনলাইনে ডেটা এন্ট্রিসহ পুনরায় রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। নতুন সূচি অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ২৮ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।
সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পুনরায় অনলাইনে ডেটা এন্ট্রিসহ রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীর ভর্তির যোগ্যতা, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে নবম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জুনিয়র দাখিল সার্টিফিকেট অথবা জেএসসি ভোকেশনাল অথবা অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
সরকারি প্রতিষ্ঠানে প্রথম শিফটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২০১৯ সাল অথবা পরবর্তী সময়ে জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফট এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণি উত্তীর্ণদের পাসের সাল শিথিলযোগ্য। তবে, অষ্টম শ্রেণি পাসের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান থেকে অষ্টম শ্রেণি পাসের প্রত্যয়নপত্র এবং জন্ম নিবন্ধনের অনলাইন কপি থাকতে হবে। শিক্ষার্থীর বয়স ন্যূনতম ১২ বছর হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য তথ্য আপলোড করার জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের তিন সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীর তথ্য এন্ট্রির পর দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের প্রতিষ্ঠানে থাকা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে তথ্য সঠিকভাবে এন্ট্রি হয়েছে কি না নিশ্চিত হতে হবে। চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট কপি প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
কবীর