বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।
রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার জাতীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় বাহরাইনে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর, মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
আলোচনা পর্বে রাষ্ট্রদূত শুরুতেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় নেতাদের, শহিদদের, বীর মুক্তিযোদ্ধাদের এবং সম্ভ্রমহারা দুই লাখ মা-বোনদের, যাদের ত্যাগ ও অবদানে অর্জিত হয়েছে লাল সবুজের পতাকা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
পাশাপাশি তিনি স্মরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহিদদের।
তিনি প্রবাসীদেরকে একতাবদ্ধ থেকে একটি উন্নত, সমৃদ্ধ এবং বৈষম্যহীন আধুনিক বাংলাদেশ গঠনে কাজ করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে বাহরাইনে বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রীরা মহান বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।
রাষ্ট্রদূত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দূতাবাসের সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তাকর্মী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা উপহার ও সার্টিফিকেট বিতরণ করেন।
পরিশেষে, বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সব পর্যায়ে ঐতিহাসিক ভূমিকা পালনকারী শহিদের আত্মার মাগফেরাত, দেশে ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হয়।
অমিয়/