এক পরিবারে দুই ভাই এক বোন। মতিন, মিন্টু আর আসমা। ছোট ভাই মিন্টু মালয়েশিয়া থাকে। নিজে বিদেশ গিয়েছে, বোনের জামাইটাকেও বিদেশে নিয়ে গেছে। বাবা মারা যাওয়ার পর এই ছোট ভাইয়ের পাঠানো টাকাতেই পুরো সংসার চলে। সুখের সংসারে অশান্তি শুরু হয়, যখন ছোট ভাই তার পাঠানো টাকার হিসাব চায়। হিসাব দেওয়ার উপায় নেই মতিনের। কারণ সে এতদিন ছোট ভাইয়ের পাঠানো টাকার বেশির ভাগই অপচয় করে ফেলেছে। ছোট ভাই এতদিন টাকার হিসাব চায়নি। তার মানে ছোট ভাইকে টাকার হিসাব নিতে শিখেয়েছে তার বিয়ে করা নতুন বউ। ছোট বউকে একদমই পছন্দ হয়নি বড় বউয়ের। কারণ, এতদিনের সংসারের নিয়ন্ত্রণ তার থেকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তার এই ধারণা আরও পোক্ত হলো, যখন প্রবাসী ছেলে দেশে টাকা পাঠানো শুরু করল স্ত্রীর নামে। এতদিন বড় ছেলে এবং মায়ের অ্যাকাউন্টে টাকা আসত। এখন কি তবে বাড়ির ছোট বউয়ের কাছে টাকা চাইতে হবে?
একমাত্র ছোট বোন আসমাকে নিয়ে এলাকার মানুষ নানান কথা বলে। আসমার স্বামী হুট করে একদিন দেশে চলে আসে। এলাকার সবাই চায় আসমার সংসার ভাঙুক। কিন্তু আসমার স্বামী আসমার হাত আরও শক্ত করে ধরে। কখনো কখনো দূরত্বের কারণে ভালোবাসা আরও বেশি শক্ত হয়। গ্রামের বর্তমান চেয়ারম্যান আর সাবেক চেয়ারম্যানের ক্ষমতার লড়াইয়ের মাঝে পড়ে যায় হুন্ডি ব্যবসায়ী বাদল। এদিকে গ্রামের সহজ-সরল মানুষের অবৈধ পথে বিদেশ নেওয়ার চক্রান্ত আরও বেগবান হয় বর্তমান চেয়ারম্যানের সঙ্গে আলম সিন্ডিকেট হওয়ার পরে। স্বার্থের কারণে মানুষ অমানুষে পরিণত হয়- এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘প্রবাসী পরিবার’।
মারুফ রেহমানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচার হয়। এতে অভিনয় করেছেন শামীম জামান, আসিফ নুর, মুসাফির সৈয়দ বাচ্চু, মাইমুনা মম, সহিদ উন নবী, সেমন্তি সৌমি, মাইলা সুলতানা সুমী, হিন্দোল রায়, সাদিয়া তানজিন, রত্না খান, আরফান অনিক, তায়েফ জেরিন, অনিন্দিতা অনি, নুসরাত রুহি প্রমুখ। এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে নাটকিটি প্রচার হবে।
জাহ্নবী