হালের দর্শকপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী। ২০১২ সালে ‘ম্যাঙ্গোলী নাচো বাংলাদেশ নাচো’ রিয়েলিটি শোতে দ্বিতীয় হয়েছিলেন তিনি। অবশ্য এ জন্য তাকে দীর্ঘ একটা সময় ‘নৃত্যাঞ্চল পারফর্মিং আর্ট সেন্টার’-এ নাচ শিখতে হয়েছে। আর এর কিছুদিন পর তিনি মাহফুজ আহমেদের পরিচালনায় জীবনের অন্যতম সেরা নাটক ‘সরীসৃপ’-এ মাহফুজ আহমেদের বিপরীতেই অভিনয় করার সুযোগ পান।
মিমের কাছে এযাবৎকাল পর্যন্ত যত নাটকে অভিনয় করেছেন তিনি, এই নাটকটি তার সবচেয়ে প্রিয়। মিমের সৌভাগ্য হয়েছিল চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ভালোবাসা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করার। মিম আগামী কিছুদিনের মধ্যে তাইফুর জাহান আশিক ও এসএ হক অলিকের নির্দেশনায় দুটি খণ্ড নাটকে অভিনয় করবেন। আরটিভিতে তার এই মুহূর্তে প্রচার চলতি একমাত্র ধারাবাহিক নাটক কায়সার আহমেদ পরিচালিত ‘গোলমাল’।
মিম বলেন, ‘একটা সময় আমার বাবা গান করতেন, মা নাচের সাথে সম্পৃক্ত ছিলেন। তাদেরই সন্তান আমি। আমার এখানে পথ চলতে পারিবারিক কোনো প্রতিকূলতা অতিক্রম করতে হয়নি। আরও দীর্ঘপথ অতিক্রম করতে চাই আমি। দর্শকের অন্যতম প্রিয় একজন হতে চাই।’
জাহ্নবী