জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী গত ২৬ আগস্ট যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে কয়েকটি স্টেজ শোতে অংশগ্রহণ করেন তিনি। চলতি মাসের শেষে তিনি দেশে ফিরবেন বলে জানালেন। তবে দেশে ফিরেই ১০০ গানের প্রজেক্টের কাজ শুরু করবেন তিনি। রবি চৌধুরী জানান, তার পুরোনো জনপ্রিয় ৫০টি গান এবং নতুন ৫০টি গানের কাজ দেশে ফিরেই শুরু করবেন।
তিনি বলেন, এটা আমার স্বপ্নের প্রজেক্ট। বেশ কিছুদিন ধরে একশ গানের প্রজেক্ট নিয়ে আমি কাজ শুরু করেছি। তবে নতুন গান করতে গিয়ে একজন মহান মানুষের কথা বারবার মনে পড়ে যাচ্ছে, তিনি হচ্ছেন আমাদের দেশের গৌরব উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার চাচা। তিনি বেঁচে থাকলে অল্প সময়ের মধ্যেই আমাকে হয়তো অনেকগুলো গান লিখে দিতেন। চাচা আমাকে ভীষণ স্নেহ করতেন। তার পরও তার লেখা আমার কাছে কিছু অপ্রকাশিত গান রয়েছে। সেগুলোও প্রকাশ করার ইচ্ছে আছে এই এক শত গানের প্রজেক্টে। আর নতুন যারা গান লিখছেন তাদের কাছেও আহ্বান থাকবে, যদি মনে করেন তারা আমাকে গান পাঠাতে পারেন। আমার সংগীতজীবনের জন্য এই কাজটি অনেক বড় একটি কাজ হবে বলেই আমার বিশ্বাস। আশা করি সবার সহযোগিতা পাব।
রবি চৌধুরীর প্রথম একক গানের অ্যালবাম ‘প্রেম দাও’ প্রকাশিত হয় ১৯৯০ সালের ২৮ মার্চ। প্রথম অ্যালবাম দিয়েই দেশব্যাপী ব্যাপক সাড়া জাগান তিনি। এই অ্যালবামের সব গান সেই সময় শ্রোতাদের মনে সাড়া ফেলেছিল।
এদিকে এরই মধ্যে রবি চৌধুরী ‘নিউ জার্সি’, ‘বাফেলো’, ‘ফ্লোরিডা’সহ আরও কয়েকটি স্টেটে সংগীত পরিবেশন করেছেন। আজ তিনি লং আইল্যান্ডে গজল সন্ধ্যায় গজল পরিবেশন করবেন। রবি চৌধুরী জানান, ১৯৯৯ সালে তিনি প্রথম আমেরিকায় শো করতে যান। এখন পর্যন্ত বিশবারেরও বেশি সময় তিনি আমেরিকা গিয়েছেন শো করার জন্য।
উল্লেখ্য, রবি চৌধুরী প্রথম প্লে-ব্যাক (সিনেমায় গান করা) করেন নাদিম মাহমুদ পরিচালিত ‘আন্দোলন’ সিনেমায়। আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে ‘মরেছি মরেছি প্রেমে যে পড়েছি’ গানটি গেয়েছিলেন তিনি। পর্দায় গানটিতে লিপসিং করেছিলেন নায়ক বাপ্পারাজ।
জাহ্নবী