ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে তার প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এই ওয়েব সিরিজে কাজ করে পরীমনি প্রশংসিত হয়েছে। এবার বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কলকাতার টালিউডে অভিষেক হতে যাচ্ছে এই চিত্রনায়িকার। নতুন বছরের শুরুতেই টলিউডে অভিষেক হচ্ছে তার। চিত্রনায়ক সোহমের সঙ্গে ‘ফেলুবক্সী’ নামের এই সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে আগামী ১৭ জানুয়ারি।
এই সিনেমায় ‘লাবণ্য’ চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এতে আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।
সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। সিনেমাটি থ্রিলার ঘরানার। নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সঙ্গে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে এবং বিভিন্ন রহস্যের সমাধান করতে ভালোবাসেন। যে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমনি।
ছবিতে কাজ করা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, এটা আমি ফুটিয়ে তুলতে পারব। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।’
হাসান