তুর্কি টিভি সিরিজগুলোর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও অনেক দর্শক তুর্কি সিরিজে বুঁদ হয়ে থাকেন। এযাবৎ বাংলায় ডাবিংকৃত বেশ কিছু তুর্কি সিরিজ জনপ্রিয়তা পেয়েছে এ দেশে। যার ধারাবাহিকতায় এবার মাছরাঙা টেলিভিশন পর্দায় আনছে ‘বড় ভাই’ নামে একটি সিরিজ। তুর্কি ভাষায় এর নাম ‘কারদেসলারিম’। আন্তর্জাতিকভাবে এটি প্রচারিত হচ্ছে ‘মাই ফ্যামিলি’ এবং ‘মাই সিবলিংস’ নামে। সিরিজটি তুরস্কের এটিভি চ্যানেলে প্রথম প্রচারিত হয় ২০২১ সালে। অল্প সময়ের মধ্যেই তুরস্ক ছাড়িয়ে বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে ৪০টিরও বেশি দেশে প্রচারিত হচ্ছে এটি।
বাংলায় ডাবিংকৃত সিরিজটি আজ ১২ জানুয়ারি থেকে প্রচার শুরু করবে মাছরাঙা টেলিভিশন। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হবে এটি।
সিরিজটি চার ভাই-বোনের জীবন সংগ্রাম ও পারিবারিক বন্ধনের গল্প নিয়ে আবর্তিত। বাবা-মায়ের অকালমৃত্যু তাদের জীবনে নানা চ্যালেঞ্জ নিয়ে আসে। এক সঙ্গে থেকে সেই প্রতিকূলতার মোকাবিলা করে তারা। পরিবার, ভালোবাসা এবং ট্র্যাজেডির চমৎকার মিশেলে নির্মিত হয়েছে সিরিজটি।
হাসান