কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে তাকে রাজধানীর ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালটির ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন পপুলার হাসপাতালের কাস্টমার কেয়ার বিভাগের কর্মকর্তা রাহাত হোসেন ও সাবিনা ইয়াসমীনের মেয়ে ইয়াসমীন ফায়রুজ বাঁধন।
বাঁধন বলেন, মায়ের (সাবিনা ইয়াসমীন) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বিকেলে হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়। তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবাই মায়ের জন্য দোয়া করবেন। কেউ মাকে নিয়ে ভুলভাল তথ্য ছড়াবেন না দয়া করে।
এর আগে গতকাল শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শিরোনামে অনুষ্ঠানে গান পরিবেশনার সময় অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমীন। তাৎক্ষণিক তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।
মাহফুজ