ফাল্গুনী হামিদ, এ দেশের বরেণ্য একজন অভিনেত্রী, নাট্যকার ও নাট্যনির্দেশক। অভিনয় জীবনেরও আগে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। একজন অভিনেত্রী হিসেবে তিনি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে। মঞ্চদল ‘নাট্যচক্র’র হয়েও তিনি অনেক মঞ্চনাটকেও অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। ফাল্গুনী হামিদের মেয়ে জনপ্রিয় অভিনেত্রী তনিমা হামিদ।
অভিনয়ের পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন তিনি। এ জন্য অভিনয়ে তেমন ব্যস্ত হতে চান না তনিমা হামিদ।
তবে মা ও মেয়ের দুজনেরই ইচ্ছা আছে চলচ্চিত্র নির্মাণের। গত বুধবার ছিল ফাল্গুনী হামিদের জন্মদিন। এ উপলক্ষে তনিমা তার মায়ের বাসায় এসেছিলেন। সেখানেই কথা প্রসঙ্গে মা ও মেয়ে চলচ্চিত্র নির্মাণের আগ্রহের কথা জানালেন। ফাল্গুনী হামিদ বলেন, ‘বহু নাটক লিখেছি ও নির্মাণ করেছি। কিন্তু এই সময়ে এসে আমার প্রবল ইচ্ছা একটি সিনেমা নির্মাণের। আমার গল্প মোটামুটি প্রস্তুত। আবার সেই সিনেমায় তনিমা অভিনয় করবে, এটাও নিশ্চিত।
তবে তার বিপরীতে কে অভিনয় করবে সেটাও ভাববার বিষয়। কিন্তু তারচেয়ে বড় ভাবনার বিষয় হলো আমার সিনেমাটি প্রযোজনা কে করবে? আমি তো আর কারও কাছে গিয়ে আবদার করতে বা কারও কাছে আমার এই ইচ্ছার কথা প্রকাশ করতে পারব না। কিন্তু কারও যদি মনে হয় আমাকে দিয়ে সিনেমা নির্মাণ করানো যেতে পারে, তার প্রযোজনায় আমি আমার স্বপ্নের সিনেমাটি নির্মাণ করতে চাই।’
তনিমা হামিদ বলেন, ‘সিনেমা নির্মাণের ইচ্ছা রয়েছে। কিন্তু তার আগে আমার নিজেকে অনেক প্রস্তুত করতে হবে। তবে এটা সত্যি, আজ হোক কাল হোক কিংবা আরও কয়েক বছর পর হোক, সিনেমা আমি নির্মাণ করব ইনশাআল্লাহ।’ ‘নাট্যচক্র’র হয়ে মঞ্চে তনিমা অভিনয় করেছেন ‘ভদ্দরনোক’,‘ বিলকিস বানুর কন্যারা’,‘লেট দেয়ার বি লাইট’, ‘একা এক নারী’ (একক নাটক)’, ‘মৃত্যুক্ষুধা’। টিভি নাটকে তনিমা হামিদ সর্বশেষ মায়ের পরিচালনায় ‘আমাতে অস্পষ্ট তুমি’ নাটকে অভিনয় করেন।
কলি