পয়লা রমজান থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে লেখক ও নির্মাতা শাকুর মজিদের ৩০ পর্বের প্রামাণ্যচিত্র ‘ইসলামের স্থাপত্যধারা’। প্রচার হবে প্রতিদিন ইফতারের পর পরই। ইসলামের বিকাশের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ইসলামী স্থাপত্যধারার যে বিকাশ ও বিবর্তন ঘটেছে- উমাইদ, আব্বাসীয়, ফাতেমীয়, মামলুক, আইয়ুবীয়, সুলতানি, তুঘলকি, মুঘল আমল থেকে শুরু করে বর্তমান আমলের নির্বাচিত স্থাপনাগুলোই স্থান পেয়েছে এ ধারাবাহিক প্রামাণ্যচিত্রে।
এ প্রামাণ্যচিত্রের পর্বগুলো সাজানো হয়েছে ইসলামি স্থাপত্যের সূচনাকাল- উমাইয়া আমল, ওমর ইবনে আল-আস মসজিদ দিয়ে মিসরে ইসলামি স্থাপত্যের সূচনা, কুব্বাত আস সাখরা: প্রথম গম্বুজের ব্যবহার, উকবা মসজিদ: তিউনিশিয়ায় ইসলামি স্থাপনার সূত্রপাত, করদোবায় মুরিশ স্থাপত্যকৌশলের সূচনা, অষ্টম শতাব্দীতে শুরু হয় আব্বাসীয় রীতির বিশালাকার স্থাপত্য, আব্বাসীয় রীতির ইবনে তুলন মসজিদ, বাগদাদকেন্দ্রিক আব্বাসীয় আমলের স্থাপত্য।
দশম শতাব্দীতে মিসরে শুরু হয় ফাতিমি ধারার স্থাপত্যকৌশল, দ্বাদশ শতাব্দীতে মিসরে শুরু হওয়া আইয়ুবি ধারার দুর্গকেন্দ্রিক স্থাপত্য, চতুর্দশ শতাব্দীতে স্পেনে গড়ে ওঠে মুরিশধারার প্রাসাদ, চতুর্দশ শতাব্দী থেকে তুর্কিতে বিকাশ লাভ করে ওসমানী রীতির স্থাপত্য, হাজিয়া সোফিয়ার রূপান্তরের মাধ্যমে সৃষ্টি হলো মসজিদের নতুন ধারা, মামলুক আমল: ইসলামী স্থাপত্যকলার বসন্তকাল
মিসরে যেভাবে ওসমানী রীতির স্থাপত্যকৌশল বিকশিত হলো, নিও-বারোক রীতির ওরতাগো মসজিদ, চীনের সিনো-ইসলামিক ধারার স্থাপত্য, মালয়েশিয়ার ইন্দো-মালে রীতির স্থাপত্য, মালয়েশিয়ার আধুনিক মসজিদ, বাংলার মসজিদ স্থাপত্যের সূচনাকাল, মধ্যযুগের প্রাক-সুলতানি আমলের বাংলার স্থাপত্য, সুলতানি আমলে বাংলার মসজিদ, বাংলার প্রাক-মুঘল স্থাপত্য, মুঘল আমলের মসজিদের বিস্তার, বাংলায় মুঘলরীতির স্থাপত্য, বাংলায় মিশ্ররীতির চিনি টিকরির মসজিদ, বাংলায় ব্রিটিশরীতির মসজিদ স্থাপত্য, বায়তুল মোকাররম, কাবাঘরের স্থাপত্যরীতির প্রতিরূপ, মুরিশরীতির আধুনিক মসজিদ, সর্বশেষ পুত্রা মসজিদ।