ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডে আজ স্তম্ভিত গোটা বিশ্ব। বাংলাদেশের সর্বসাধারণ যে যার জায়গা থেকে প্রতিবাদ জানিয়ে আসছে। এই প্রতিবাদের মিছিলে পিছিয়ে নেই দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। তারই অংশ হিসেবে এবার ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদস্বরূপ নতুন গান তৈরি করলেন বর্তমান সময়ের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক জাহিদ নিরব।
‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন তুষার ইমরান এবং সুর ও সংগীত পরিচালনায় ছিলেন জাহিদ নিরব। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, নিবির, মহাবী, আতিয়া আনিশা, নাইম এবং তুষার।
কিছুদিন আগে গাজায় বিস্ফোরণের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের আঘাতে আকাশে মানুষের মৃতদেহ ছিটকে পড়ছে। এমনকি সেখানে শিশুদের লাশও ছিল। মূলত এই ভিডিও থেকে অনুপ্রাণিত হয়েই নতুন গানটির এই শিরোনাম দেয়া হয়েছে।
‘আকাশে উড়ছে মৃত লাশ’ গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক জাহিদ নিরব বলেন, ‘প্রতিবাদের অনেক ভাষা আছে। কেউ চুপ থাকে, কেউ শব্দে প্রকাশ করে, আর কেউ শেষ পর্যন্ত রক্ত ঝরায়। আমরা শব্দকে বেছে নিয়েছি- সংগীতকে হাতিয়ার করে অন্যায়ের বিরুদ্ধে এক ধরনের অবস্থান নিয়েছি। গাজায় প্রতিদিন যেভাবে প্রাণ ঝরে পড়ছে, তা নিঃসন্দেহে আমাদের বিবেককে নাড়া দেয়। আমরা যুদ্ধ চাই না, রক্তপাত চাই না। কিন্তু চুপ থাকাটাও অন্যায়। তাই আমাদের এই গান সেই নীরবতা ভাঙার চেষ্টা, সাহসিকতার একটি সঙ্গীতরূপ।’
‘এই সময়ে আমি শব্দকেই বেছে নিয়েছি। গানে গানে প্রতিবাদ জানিয়েছি। এটি আমার জন্য শুধু একটি গান নয়, বরং একটি আর্তনাদ—নিষ্পাপ শিশুদের, মায়েদের আর নিঃস্ব মানুষদের হয়ে তোলা এক চিৎকার। প্রতিদিন যখন গাজার আকাশে লাশ উড়ে বেড়ায়, তখন চুপ করে থাকা যায় না। আমি যুদ্ধ চাই না, মৃত্যুও চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তো তুলতেই হয়। এই গান সেই সাহসিকতারই এক ছোট্ট প্রকাশ।’
এছাড়াও এই গানের সঙ্গে যুক্ত থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এ সংগীত পরিচালক। প্রতিবাদের প্রতি একাত্মতা জানিয়ে তিনি বলেন, ‘এই গান আমরা কপিরাইটমুক্ত রেখেছি যাতে যে কেউ এটি শেয়ার করতে পারে, গাইতে পারে, ছড়িয়ে দিতে পারে। আমাদের একটাই চাওয়া- প্রতিবাদের এই ভাষা থেমে না যাক, সুরের মাধ্যমে ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে।’
/শাকিল