পহেলা বৈশাখ উপলক্ষে শহরকেন্দ্রিক পারিবারিক গল্পের ওয়েব সিরিজ ‘ননসেন্স’ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। ছয় পর্বের সিরিজটি পরিচালনা করেছেন রাকেশ বসু। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, টনি মাইকেল গোমেজসহ অনেকে।
সিরিজের গল্প-ধারণা টনি মাইকেল গোমেজের। লিখেছেন মনসুর রহমান চঞ্চল। ঢাকার বিভিন্ন প্রান্তে সিরিজের দৃশ্যধারণের কাজ হয়েছে।
শিল্পকলার জাতীয় চিত্রশালায় গত শনিবার বিকেলে সিরিজটি প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিরিজের শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত হয়েছিলেন। সিরিজের গল্প নিয়ে নির্মাতা রাকেশ বসু বলেন, ‘এটা কোনো ডার্ক ঘরানার গল্প নয়, একই অ্যাপার্টমেন্টে থাকা দুইটি ভিন্ন চিন্তাধারার দুইটি পরিবারের গল্প।
গল্পটি শুরু হয় মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তিকে ঘিরে। যার মধ্যে বর্তমান সমাজের প্রতিচ্ছবি রয়েছে। যিনি সবার মন যুগিয়ে চলতে পছন্দ করেন। হঠাৎ করে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। কেন সেই দ্বন্দ্ব এবং কী সেই ঘটনা? - সেই গল্পই দেখা যাবে সিরিজে।’
বঙ্গর জন্য এর আগে একক নাটক নির্মাণ করলেও এবারই প্রথম ওয়েব সিরিজ বানিয়েছেন রাকেশ বসু। সিরিজটি নিয়ে পরিচালক আরও বলেন, ‘পারিবারিক গল্পের সিরিজ এটি। নাটকে তো অনেক বিষয় থাকে, যা আমরা দেখাতে পারি না। ওয়েব সিরিজে আমরা তা তুলে ধরতে পারি। এই গল্পটা দর্শকের পছন্দ হবে বলে আমি মনে করছি।’
/শাকিল