সম্প্রতি নিউইয়র্কের ম্যানহাটনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টের সবচেয়ে বড় আসর ‘মেট গালা ২০২৫’। প্রতি বছর মে মাসের প্রথম সোমবার এটি আয়োজিত হয়। হলিউড-বলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের নামি-দামি সব তারকা বিশ্বের সবচেয়ে বড় এ ফ্যাশন শোয়ের জন্য অপেক্ষায় থাকেন। এরপরও কিছু কিছু তারকা আছেন যারা এ স্রোতে গা ভাসান না।
এই যেমন, এবারের আয়োজনে অংশ নিচ্ছেন না হলিউড তারকা জেনিফার গার্নার। ২০০৭ সালে প্রথম ও একবার মাত্র মেট গালার লাল গালিচায় পা রেখেছিলেন এই অভিনেত্রী। এরপর থেকে আর কখনই এই আয়োজনে ফিরে আসেননি তিনি। এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন তার অনুপস্থিতির কারণ।
২০২৩ সালের ডিসেম্বরে ভোগ ম্যাগাজিনের ‘বিউটি সিক্রেটস’ সিরিজের এক পর্বে গার্নার বলেছিলেন, ‘আমি একবারই মেট গালায় গিয়েছিলাম। আমার কাছে অনুষ্ঠানটি একটু ভয়ংকর লেগেছিল, তাই আর যাইনি।’
চারবারের এমি মনোনীত এই অভিনেত্রী জানান, সে রাতে তিনি কিংবদন্তি ডিজাইনার ভ্যালেন্টিনো গারাভানির সঙ্গী হিসেবে লাল গাউনে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এই আমেরিকান তারকা বলেন, ‘আমি সেই রাতে (২০০৭ সালে) একটি জাদুকরী লাল ভ্যালেন্টিনো গাউন পরেছিলাম। আমি তার সঙ্গী হিসেবে ছিলাম এবং সেই রাজকীয় অভিজ্ঞতাটি আমার জন্য সত্যিই বিশেষ ছিল।’
তবে গার্নারই একমাত্র তারকা নন যিনি মেট গালায় আর ফিরতে চান না। এর আগে ২০১৬ সালে বিখ্যাত সংগীতশিল্পী জেইন মালিকও প্রথমবারের মতো মেট গালার রেড কার্পেটে অংশ নিয়েছিলেন। তবে সেই অভিজ্ঞতার পর থেকে এ মঞ্চে তাকে আর দেখা যায়নি। অন্যদিকে অভিনেত্রী গুইনেথ প্যালট্রো ২০১৩ সালে এ অনুষ্ঠানকে ‘ফুটন্ত, ভিড়পূর্ণ এবং অতিরিক্ত উত্তেজনাপূর্ণ’ আখ্যা দিলেও পরে ২০১৭ ও ২০১৯ সালে ঠিকই দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এ ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন।
তবে সব তারকা যে নিজ ইচ্ছাতেই মেট গালার মঞ্চে আর ফিরে আসেননি বিষয়টি পুরোপুরি এমনও নয়। ‘ই! নিউজ’-এর বরাতে জানা গেছে, অনেক তারকা তাদের আমন্ত্রণ বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করার পাশাপাশি কারও কারও ক্ষেত্রে আয়োজকরাই নিষেধাজ্ঞা জারি করেছেন।
/শাকিল