বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। ধীরে ধীরে বলিউডের গুরত্বপূর্ণ নায়ক হয়ে উঠছিলেন তিনি। বলিউডে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে ছিল তার তুমুল প্রেম। এই প্রেমকাহিনি সবারই জানা। প্রাণচঞ্চল সুশান্তকে আগলে রাখতেন রিয়া।
সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যু তাদের সম্পর্ককেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। রিয়া নাকি সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এবং তাকে খুন করেছেন। থানায় এবং আদালতে এমন অভিযোগ করেছিলেন প্রয়াত অভিনেতার বাবা। এ কারণে রিয়াকে ২৮ দিন সংশোধনাগারে কাটাতে হয়েছিল। এ ঘটনার রেশ ধরে রিয়া এবং তার ভাই শৌভিক চক্রবর্তীকে বলিউড কার্যত ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছিল।
এবার সুশান্ত ও রিয়ার অসমাপ্ত প্রেমকাহিনি আসছে রুপালি পর্দায়। এমনটিই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। পরিচালক-চিত্রনাট্যকার রুমি জাফরি সুশান্ত-রিয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাই খুব কাছে থেকে তিনি তাদের দেখেছেন। সেই অভিজ্ঞতা এই পরিচালক জানিয়েছেন, তারা পরস্পরকে খুব ভালোবাসতেন। পরিচালকের কথায়, ‘সুশান্ত ভীষণ ছটফটে, সদাচঞ্চল। ওকে একমাত্র রিয়া সামলাতে পারত। সেও সব সময় প্রয়াত অভিনেতার পাশে থাকত।’ গত ১৪ জুন সুশান্তের অভিনেতা পঞ্চম মৃত্যুবার্ষিকীতে এই কথাগুলোই বলেছেন নির্মাতা রুমি জাফরি।
সুশান্তের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণা করতে গিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন রুমি। বন্ধুর প্রতি ভালোবাসা ও দরদ অনুভব থেকেই এই কাজটি করতে চলেছেন তিনি। পরিচালক ইতোমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শুরু করে দিয়েছেন। সুশান্তের ভূমিকায় কাকে দেখা যাবে, এখনো তা নিশ্চিত করেননি নির্মাতা। তবে নির্মাতার পছন্দের তালিকায় নাকি বেদাঙ্গ রায়না আছেন। রিয়া কি নিজের ভূমিকায় নিজেই অভিনয় করবেন? পরিচালক বা অভিনেত্রী বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। এ জন্য সুশান্ত-রিয়াভক্তদের আপাতত অপেক্ষা করতে হচ্ছে।
/রিয়াজ