এ সময়ের নাটকের আলোচিত জুটি তানিয়া বৃষ্টি ও শামীম হাসান সরকার। একসঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তারা। এবার তাদের নতুন একটি নাটক প্রচার হবে আজ শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। নাটকটির নাম ‘চাররিসূত্রে পাওয়া বউ’। এন ডি আকাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বর্ণ নাথ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি।
নাটকের গল্পে দেখা যাবে, শিহাব অল্প দিনের মধ্যে অফিসে বেশ সুনাম কুড়ায়। তার সততায় মুগ্ধ হয়ে অফিসের মালিক তার মেয়ে ফারিয়াকে শিহাবের সঙ্গে বিয়ে দেয়। শিহাবের খুশি যেন ধরে না। মালিকের মেয়ে, এমনকি কোম্পানির ডিরেক্টর। সুখ আর সুখ, শান্তি আর শান্তি। জীবনে কোনো চিন্তা নেই আর। কিন্তু বিয়ের পর যা ঘটে তাতে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয় তার।
বিয়ের প্রথম দিন থেকেই শিহাব ও ফারিয়ার মাঝে কোনো স্বামী-স্ত্রীর সম্পর্ক নেই। তাদের সংসার যেন দ্বিতীয় অফিস। ফারিয়া কথায় কথায় শিহাবকে হুকুম করে। শিহাব স্বামী নাকি হুকুমের গোলাম। সারা দিন অফিস করে বাসায় আসার পর ল্যাপটপ ধরিয়ে দেয় কাজ করার জন্য।
ফারিয়ার হুকুম পালন করতে গিয়ে এক ইঞ্চি এদিক সেদিক হলে শিহাবের অবস্থা শোচনীয় হয়ে যায়। একপর্যায়ে ফারিয়া শিহাবকে অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী বানিয়ে দেয়। এভাবে এগিয়ে যায় নাটকের ঘটনা।
/এমএস