হলিউডের বিখ্যাত ‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হতে পারেন জনপ্রিয় অস্ট্রেলিয়ান অভিনেত্রী সিডনি সুইনি। সিরিজটির পরবর্তী সিনেমায় ‘বন্ড গার্ল’-এর ভূমিকায় দেখা যেতে পারে তাকে। ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সুইনি বর্তমানে বন্ড ফ্র্যাঞ্চাইজির নির্মাতার প্রাথমিক পছন্দের তালিকায় সবচেয়ে উপরের দিকে রয়েছেন।
ছবিটি পরিচালনা করবেন ডেনিস ভিলেনিউভ। ‘ডুন’ এবং ‘সিকারিও’র মতো সিনেমা নির্মাণ করে বিশ্বব্যাপী যিনি খ্যাতি অর্জন করেছেন। পরিচালকের বিশ্বাস সুইনি ‘অসাধারণ প্রতিভাবান’ এবং তার ‘তরুণ প্রজন্মের কাছে শক্তিশালী আবেদন’ রয়েছে। ভিলেনিউভ ফ্র্যাঞ্চাইজিকে আরও আধুনিকীকরণ করতে চাইছেন এবং তিনি মনে করেন, সুইনির উপস্থিতি সেই লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।
একটি ঘনিষ্ঠ সূত্র ‘দ্য সান’-কে জানিয়েছে, বন্ডের সম্ভাব্য কাস্টিং তালিকায় সিডনি শীর্ষস্থানীয় নাম। ডেনিস মনে করেন তিনি (সুইনি) শুধু প্রতিভাবানই নন, বরং নতুন প্রজন্মের কাছে ফ্র্যাঞ্চাইজির আবেদন আরও বাড়িয়ে তুলবেন। সূত্রটি আরও জানায়, সুইনির মধ্যে অ্যাকশন দৃশ্যের দক্ষতা এবং নারীত্বের মাধুর্য- দুটিই রয়েছে, যা বন্ড গার্লদের ঐতিহ্যের সঙ্গে একেবারে মানানসই।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ভিলেনিউভ এবং সুইনির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে উঠেছে। গত বছর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাদের দীর্ঘ সময় ধরে আড্ডাও দিতে দেখা গিয়েছিল, যেখানে সাবেক বন্ড গার্ল আনা ডি আরমাসও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সুইনি এবং ডি আরমাস রন হাওয়ার্ড পরিচালিত আসন্ন সারভাইভাল থ্রিলার সিনেমা ‘ইডেন’-এ একসঙ্গে কাজ করেছেন। ছবিটি ২০২৫ সালের আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন সংস্থা ‘এমজিএম’ বর্তমানে বন্ড ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল দিকটি নিয়ন্ত্রণ করছে। এই সংস্থাটিও জেমস বন্ড ছবিতে সুইনিকে সম্ভাব্য নেওয়ার পক্ষে রয়েছে। ধারণা করা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজিকে তরুণদের কাছে আরও জনপ্রিয় করে তুলতে এটি সবচেয়ে সেরা একটি কৌশলগত পদক্ষেপ হতে যাচ্ছে।
যদিও ছবিটিতে সুইনির অংশগ্রহণ এখনো চূড়ান্ত নয়, তবে অভিনেতা অ্যারন টেলর-জনসন এবং জেমস নর্টন ড্যানিয়েল ক্রেগের পরিবর্তে নতুন জেমস বন্ড চরিত্রে অভিনয়ের জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন। উল্লেখ্য, ২০২১ সালের ‘নো টাইম টু ডাই’ ছবির পর ফ্র্যাঞ্চাইজিকে খ্যাতির চূড়ায় নিয়ে যাওয়া ড্যানিয়েল ক্রেগ বন্ড চরিত্র থেকে সরে দাঁড়ান।
সম্প্রতি ‘ইকো ভ্যালি’ সিনেমায় অভিনয় করা সিডনি সুইনি যদি বন্ড ফ্র্যাঞ্চাইজিতে চূড়ান্তভাবে যুক্ত হন, তবে এটি তার ক্যারিয়ারের অন্যতম বড় এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
/এমএস