শাকিব খান, জয়া আহসান ও সাবিলা নূর অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়। রায়হান রাফী পরিচালিত ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে ছিল।
প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ‘তাণ্ডব’। আগামী ৭ আগস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এবং চরকিতে দেখা যাবে সিনেমাটি। এমনটি জানিয়েছেন সিনেমার প্রযোজনা সংস্থা সংশ্লিষ্ট একাধিক সূত্র।
এ সম্পর্কে সিনেমাটির নির্মাতা রায়হান রাফী বলেন, ‘তাণ্ডব নির্মাণ আমার জন্য একদম ভিন্ন অভিজ্ঞতা ছিল। আমরা চেষ্টা করেছি এ সিনেমায় নতুন গল্প, আইডিয়া, নির্মাণ ধরন, ফিলোসোফি- সবকিছুতেই নতুনত্ব রাখার। আমি পুরো বিষয়টি আনন্দ নিয়েই কাজটি করেছি।
আমার বিশ্বাস, যারা সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি তারা ঘরে বসে এবার তাণ্ডব দেখে আনন্দ পাবেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর আরও বেশি দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন।’
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, এফএস নাঈম, রোজী সিদ্দিকী প্রমুখ। বিশেষ একটি চরিত্রে আছেন তারিক আনাম খান।
ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রায়হান রাফী ও আদনান আদিব খান।
/এমএস